আগামী মাসে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘অমীমাংসিত’। এক সাংবাদিক দম্পতির মৃত্যুরহস্য নিয়ে রায়হান রাফী বানিয়েছেন ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। শুটিং শেষ হলেও অনেক দিন ধরে আটকে আছে সিনেমাটি। অবশেষে শেষ হচ্ছে প্রতীক্ষা। আগামী ডিসেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘অমীমাংসিত’। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছরের ২৯ ফেব্রুয়ারি। তবে তৎকালীন সেন্সর বোর্ডের আপত্তির মুখে মুক্তি আটকে যায়। অবশেষে জট খুলতে যাচ্ছে রহস্যের। জানা গেছে, সব ঠিক থাকলে আগামী ৪ ডিসেম্বর আইস্ক্রিনে দেখা যাবে অমীমাংসিত। সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। শুটিং শুরুর পর জানা গিয়েছিল, অমীমাংসিত তৈরি হচ্ছে সাংবাদিক দম্পতি হত্যার গল্প নিয়ে। তখনই অনেকে ধারণা করেছিলেন, এটি আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের গল্প। টিজার প্রকাশের পর সেই ধারণা আরও স্পষ্ট হয়। সব প্রশ্নের উত্তর জানা যাবে এবার, ডিসেম্বরে সিনেমা মুক্তির পর।র



