Thursday, March 5, 2026
হোমখবরঅর্থ-বাণিজ্যবেনাপোল স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চলাচল সার্বক্ষণিক নজরদারিতে এনবিআর

বেনাপোল স্থলবন্দরে ভারতীয় ট্রাকের চলাচল সার্বক্ষণিক নজরদারিতে এনবিআর

সম্পর্কিত সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে যাতায়াত করা ভারতের সব পণ্যবাহী ট্রাকের গতিবিধি এখন থেকে সার্বক্ষণিকভাবে নজরদারিতে রাখবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে আমদানি-রপ্তানির তথ্য ও শুল্ক হিসাব সংরক্ষণের সফটওয়্যার ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’-এ যুক্ত করা হয়েছে নতুন একটি সাব-মডিউল, যার নাম দেওয়া হয়েছে ‘ট্রাক মুভমেন্ট’।

এর আগে এ ধরনের কার্যক্রম এনবিআরের কাস্টম হাউসগুলোতে ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হতো। এখন প্রাথমিকভাবে বেনাপোল কাস্টম হাউসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই ব্যবস্থা চালু করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, ভারত থেকে আসা আমদানি পণ্যবাহী ট্রাকের প্রবেশ এবং খালি ট্রাকের ফেরত যাওয়ার তথ্য ইলেকট্রনিকভাবে সংরক্ষণের উদ্দেশ্যেই এই সাব-মডিউলটি তৈরি করা হয়েছে। এর ফলে প্রতিটি ভারতীয় ট্রাকের আগমন ও বহির্গমনের সঠিক তথ্য সংরক্ষিত থাকবে এবং কার্যকরভাবে প্রতিটি ট্রাক মনিটরিং করা সম্ভব হবে।

এনবিআরের ভাষ্য অনুযায়ী, এই ব্যবস্থার মাধ্যমে ভারতের সব ট্রাকের অবস্থানকাল নির্ণয় করা যাবে। একই সঙ্গে তথ্য ব্যবস্থাপনা সহজ হবে, রাজস্বহানি রোধে সহায়ক ভূমিকা রাখবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে, সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং রিয়েল-টাইম রিপোর্ট তৈরি করা যাবে।

পাইলট প্রকল্প হিসেবে সোমবার বেনাপোলে এই ব্যবস্থা চালু করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিগগিরই দেশের সব স্থলবন্দরে এই মডিউলের লাইভ অপারেশন শুরু করা হবে।

এদিকে চব্বিশের অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নানা টানাপড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। পাল্টাপাল্টি বিধিনিষেধের কারণে আমদানি-রপ্তানি বাণিজ্যে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

চলতি বছরের ১৮ মে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, পোশাকসহ প্রায় সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার। এর আগে বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করার এক মাসের মাথায় ভারত ওই পাল্টা নিষেধাজ্ঞা দেয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করার কথা জানায় দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।

অক্টোবরের শেষ দিকে এসে সরকার বেনাপোল বন্দর দিয়েও আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত করার সিদ্ধান্ত নেয়। কোনো পূর্ব ঘোষণা বা প্রস্তুতি ছাড়াই বেনাপোল স্থলবন্দর দিয়ে সন্ধ্যা ৬টার পর সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়।

সম্প্রতি

আরও খবর