বাংলাদেশ ও নেপালের পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ শুরু হচ্ছে আজ। শুক্রবার দুই দলের অধিনায়কের উপস্থিতিতে পল্টন ময়দানে সিরিজের ট্রফি উন্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মিজানুর রহমানকে অধিনায়ক করে ১৬ জনের বাংলাদেশ দলও ঘোষণা করা হয়। পল্টন ময়দানে ২২, ২৩, ২৫, ২৬ ও ২৮ ফেব্রুয়ারি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
প্রতিটি ম্যাচই শুরু হবে বিকেল সাড়ে ৩টায়। ১৯৭৪ সালের পর প্রথমবার বাংলাদেশে কাবাডি টেস্ট সিরিজ হচ্ছে।
নেপাল বাংলাদেশের চেনা প্রতিপক্ষ। ঢাকায় যে চারটি আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট হয়েছে সবগুলোতে খেলেছে তারা। কিন্তু নেপাল কখনও বাংলাদেশকে হারাতে পারেনি।
সেই ধারাবাহিকতা এই টেস্ট সিরিজেও ধরে রাখার কথা জানিয়েছেন মিজানুর। নেপালকে পাঁচ ম্যাচেই হারিয়ে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ।
বাংলাদেশ দল: মিজানুর রহমান (অধিনায়ক), দিপায়ন গোলদার, রাজিব আহমেদ, নেসার হাওলাদার, নাসির উদ্দিন, লিটন আলী, রোমান, ফারদৌস শেখ, মনিরুল চৌধুরী (সহ-অধিনায়ক), রাজু শেখ, রাসেল হোসেন, অমল চন্দ্র রায়, সবুজ মিয়া, আল আমিন, আসাদুজ্জামান, সাজিদুল চাকলাদার।
বাদশা মিয়া (কোচ ও ম্যানেজার), মো. আশরাফুল ইসলাম (কোচ), মো. বজলুর রশিদ (কোচ), সুজিত কুমার ব্যানার্জী (স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ)।



