বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধা পাবে, সেটি দেখার বিষয়।” তিনি আরও বলেন, “গণতন্ত্রের চর্চা যত বেশি অব্যাহত থাকবে, তত বেশি বাংলাদেশের মানুষ ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ থাকবে।”
মঙ্গলবার বিকেলে কুমিল্লা মহানগর বিএনপির প্রথম সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে আয়োজিত এই সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকার নিয়ে জনমনে প্রশ্ন
বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, “সরকার গঠনের পর থেকেই আমরা বলে আসছি, বিএনপি এই সরকারকে সফল করতে চায়। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, সরকারের ভেতরে নানা অসঙ্গতি ও পরস্পরবিরোধী বক্তব্যের কারণে দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুক। কারণ একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনই আগামী দিনের গণতন্ত্রের পথ সুগম করবে।”
বিএনপি জনগণের শাসনে বিশ্বাস করে উল্লেখ করে তারেক রহমান বলেন, “একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল লক্ষ্য জনগণের কাছে ভোট চাওয়া ও নির্বাচনে অংশগ্রহণ করা। বিএনপি গণতন্ত্র ও ভোটাধিকারকে শ্রদ্ধা করে, কারণ জনগণই সকল ক্ষমতার উৎস।”
তিনি আরও বলেন, “শুধু ভোটের অধিকার নিশ্চিত করলেই হবে না, জনগণ যেন নির্ভয়ে ও নিশ্চিন্তে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটিও নিশ্চিত করতে হবে।”
কুমিল্লা মহানগর বিএনপির প্রথম সম্মেলন
২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এবারই প্রথম কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো।
সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী। সদস্যসচিব ইউসুফ মোল্লার সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভূঁইয়া, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক আমিন উর রশিদ, সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া প্রমুখ।
নতুন নেতৃত্ব ঘোষণা
সম্মেলনের আগেই শীর্ষ তিন পদে একক প্রার্থী থাকায় প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই কুমিল্লা মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নির্ধারিত হয়। সভাপতি উদবাতুল বারী,সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান
নবনির্বাচিত নেতারা বলেন, বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং একটি নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কাজ করবে। তারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতিশ্রুতি দেন।



