ঢাকার উত্তরা ও পল্লবীর মাঝামাঝি মেট্রোরেলের লাইনে উড়ে আসা পলিথিন পড়ে যাওয়ায় ১২ মিনিটের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার বিকেল ৫টার পর এ ঘটনা ঘটে। পরে পলিথিন সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিটিএমসিএল) নিরাপত্তা শাখার একজন কর্মকর্তা জানান, “উত্তরা দক্ষিণ ও পল্লবী স্টেশনের মাঝামাঝি লাইনে একটি টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছিল, যার কারণে কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এখন সব স্বাভাবিক।”
এমআরটি পুলিশের ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমান বলেন, “এটি খুব বড় কোনো সমস্যা ছিল না। বাতাসে ভেসে আসা একটি বড় পলিথিন লাইনের ওপর এসে পড়ে। এ কারণে উত্তরা থেকে মতিঝিলগামী লাইনে ট্রেন চলাচল ১২ মিনিটের জন্য বন্ধ রাখা হয়েছিল।”
ট্রেন বন্ধ থাকার পরপরই যাত্রীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু করেন। ফেইসবুকের বিভিন্ন ট্রাফিক অ্যালার্ট গ্রুপে যাত্রীরা ট্রেন দেরি নিয়ে পোস্ট দেন।
ঢাকার সচিবালয় স্টেশনে অপেক্ষারত এক যাত্রী জানান, “বিকেল ৫টার দিকে সচিবালয় স্টেশনে ১০ মিনিট ধরে মেট্রো ট্রেন দাঁড়িয়ে ছিল। কারণ জানা যাচ্ছিল না। তখন ট্রেনের ভেতরে প্রচুর যাত্রী ছিল। হেডওয়ে সময় আরও কমানো দরকার।”
ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার পর আরেক যাত্রী লিখেছেন, “পল্লবীতে কোনো এক যাত্রীর চাদর ট্রেনে আটকে যাওয়ার কারণে মেট্রোরেল প্ল্যাটফর্মে কিছু সময় হোল্ড দেওয়া হয়েছিল। ইফতারের আগে সবাই যখন বাড়ি ফেরার তাড়ায় ছিল, তখন এই দেরি কিছুটা ভোগান্তির কারণ হয়। তবে মাত্র ১০ মিনিটের বিরতিতে ট্রেন আবার চালু হওয়ায় মেট্রোরেল কর্তৃপক্ষকে ধন্যবাদ।”



