তথ্যপ্রযুক্তি শিক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে মাইক্রোটিক সার্টিফাইড ট্রেইনার তিতাস সরকার সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডে সম্মানজনক পুরস্কার অর্জন করেছেন। তিতাস সরকার অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম বিডি ই-লার্নিং এর প্রতিষ্ঠাতা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি ও অন্যান্য আইটি স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক ভিডিও টিউটোরিয়াল তৈরি ও প্রকাশ করে আসছেন। তার তৈরি কনটেন্ট ইতোমধ্যে অসংখ্য শিক্ষার্থী ও আইটি পেশাজীবীর দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার প্রতিষ্ঠিত BD E-Learning প্রকল্পটি নিয়েই তিনি এবছর ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডে আবেদন করেন।
তিতাস সরকারের সঙ্গে কথা বলে জানা যায়, ভিডিও টিউটোরিয়ালের ধারাবাহিকতায় একজন প্রকাশকের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে তিনি তার অভিজ্ঞতা ও কনটেন্ট আরও গুছিয়ে চারটি প্রযুক্তি বিষয়ক বই প্রকাশ করেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বইটি হলো ‘মাইক্রোটিক রাউটার এন্ড সিকিউরিটি’। তিনি মাইক্রোটিক সার্টিফাইড ট্রেইনার হিসেবে দেশে বিদেশে প্রশিক্ষণ প্রদান করছেন এবং ভেন্ডর সার্টিফিকেশন পরীক্ষা নেওয়ার সুযোগ পেয়েছেন।



