বক্স অফিসে ঝড় তোলা আদিত্য ধর পরিচালিত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ এবার ডিজিটাল পর্দায় আসছে। রণবীর সিং ও অক্ষয় খান্না অভিনীত এই ব্লকবাস্টারটি আগামী ৩০ জানুয়ারি থেকে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে। ভারতে সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমার তকমা পাওয়া ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকে রেকর্ড ভেঙেই চলেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, সিনেমাটির বিশ্বব্যাপী আয় প্রায় ১৩৩৯.৮০ কোটি রুপি। শুধু ভারতেই ছবিটি আয় করেছে প্রায় ৮৮৪ কোটি রুপি। বলিউড সূত্র জানায়, ‘ধুরন্ধর’ ও এর সিকুয়েলের ডিজিটাল স্বত্ব মিলিয়ে নেটফ্লিক্সের সঙ্গে প্রায় ১৩০ কোটি রুপির চুক্তি হয়েছে, যা রণবীর সিংয়ের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে পরিচালক আদিত্য ধর ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন ‘ধুরন্ধর ২ : দ্য রিভেঞ্জ’-এর। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৯ মার্চ। একই দিনে মুক্তি পাচ্ছে ইয়াশ অভিনীত ‘টক্সিক’, ফলে বক্স অফিসে অপেক্ষা করছে বড় সংঘর্ষ।



