ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারপারসন ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ড. প্রিয়াঙ্কা গোপের হাত থেকে ‘শিক্ষাগুরু সম্মাননা-২০২৬’ গ্রহণ করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও যুক্তরাষ্ট্রপ্রবাসী শিপ্রা রায়। গত ২৩ জানুয়ারি রাতে রাজধানীর কলাবাগানের লেকসার্কাসে অনুষ্ঠিত আয়োজনে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। শিক্ষকতা পেশায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। শিপ্রা রায় মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণিতের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তার হাতে গড়ে ওঠা বহু শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বসন্ত বিশ্বাস পাঠাগার নিবেদিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মাননার প্রতিষ্ঠাতা সাংবাদিক অভি মঈনুদ্দীন। অনুষ্ঠানটি আয়োজন করে মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং, আলীরূপা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায়। ড. প্রিয়াঙ্কা গোপ বলেন, ‘শিক্ষকদের সম্মাননা প্রদান করার এই উদ্যোগটি সত্যিই ভীষণ প্রশংসনীয়। শিপ্রা ম্যাডামের হাতে এই সম্মাননা তুলে দিতে পেরে আমার ভীষণ ভালোলাগছে। এই মুহূর্তটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ অভি মঈনুদ্দীন ভাইকে এর সঙ্গে আমাকে সম্পৃক্ত রাখার জন্য।’



