বিশ্বজুড়ে দর্শকপ্রিয় তুর্কি ধারাবাহিক ‘ব্রোকেন লাইভস’ এখন বাংলাদেশি দর্শকদের জন্য সম্প্রচার করছে চ্যানেল আই। ভালোবাসা, ত্যাগ এবং পারিবারিক দ্বন্দ্বে ভরপুর এই সিরিজ ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। সিরিজটির গল্প আবর্তিত হয়েছে এমন দুই মানুষের জীবনকে ঘিরে, যারা ভালোবাসার জন্য চরম আত্মত্যাগে প্রস্তুত। পাশাপাশি গল্পে উঠে এসেছে একজন মায়ের চরিত্র, যিনি অর্থ ও ক্ষমতার প্রাচুর্যের মোহে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোকে পেছনে ফেলে দেন। সম্পর্কের টানাপোড়েন, আবেগ ও বাস্তবতার সংঘাত- সব মিলিয়ে দর্শকদের ভাবনার জগতে নাড়া দেবে ‘ব্রোকেন লাইভস’। তুর্কি এই জনপ্রিয় ধারাবাহিকটি প্রতি শনিবার থেকে বুধবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে। চ্যানেল আই কর্তৃপক্ষ জানিয়েছে, মানসম্মত বিদেশি ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের বিনোদনের পাশাপাশি জীবনের গভীর গল্প তুলে ধরাই তাদের লক্ষ্য। সে ধারাবাহিকতায় ‘ব্রোকেন লাইভস’ দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে তারা আশাবাদী।



