বলিউডের নতুন সিনেমা ‘ওসিডি’ শিগগিরই মুক্তি পাচ্ছে, যেখানে ব্যতিক্রমী কাহিনির মাধ্যমে তুলে ধরা হয়েছে মানুষের মানসিক জটিলতা ও শৈশবের গভীর ক্ষত। পরিচালক সৌকর্য ঘোষালের এই সিনেমায় দেখানো হয়েছে, শৈশবের তিক্ত ও বেদনাদায়ক অভিজ্ঞতা কীভাবে একজন মানুষের মানসিক ভারসাম্য নষ্ট করে দিয়ে ধীরে ধীরে অবসেসিভ কম্পালশন ডিসঅর্ডার বা ঙঈউ-তে পরিণত হয়। ট্রেলারে স্পষ্টভাবে উঠে এসেছে অতীতের ভয়াবহ স্মৃতি কীভাবে জীবনের প্রতিটি মুহূর্তে ছায়ার মতো অনুসরণ করে এবং মানসিক ক্ষত আরও গভীর করে তোলে। সিনেমায় জয়া আহসান অভিনয় করেছেন শ্রদ্ধেয় চিকিৎসক শ্বেতা চরিত্রে, যিনি নিজেও অতীতের এক নির্মম অভিজ্ঞতার ভার বহন করছেন। এক রোগীর অস্বাভাবিক আচরণ তাকে বারবার অতীতের স্মৃতির মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, যার মধ্য দিয়ে গল্পটি রহস্য ও থ্রিলের নতুন মাত্রা পায়। ‘ওসিডি’ শুধু একটি মানসিক রোগের গল্প নয়, বরং এটি শৈশবের ব্যথা, ভুলে যাওয়া, ভয় ও অদৃশ্য প্রতিশোধের এক গভীর মানবিক থ্রিলার। আগামী ৬ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে। এতে জয়ার পাশাপাশি বড়পর্দায় অভিষেক হচ্ছে আর্শিয়া মুখোপাধ্যায়ের। আরও অভিনয় করেছেন কৌশিক সেন, অনসূয়া মজুমদার ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়, যারা সিনেমার আবেগ ও উত্তেজনাকে আরও শক্তিশালী করেছে।



