এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান সম্প্রতি বিয়ে করেছেন এবং একই সঙ্গে সুখবর দিয়েছেন যে তিনি মা হতে চলেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসে তিনি তার প্রথম সন্তানের জন্ম দেবেন। ব্যক্তিগত জীবনের এই আনন্দের মুহূর্তের পাশাপাশি পেশাগত জীবনেও বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। নতুন বছরের প্রথম মাসেই তার অভিনীত পাঁচটি নাটক প্রচারে আসতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা। এই পাঁচটি নাটকের মধ্যে একটি ধারাবাহিক নাটক এবং চারটি খণ্ড নাটক রয়েছে। ধারাবাহিক নাটকটির নাম ‘মার্ডার’, যা রচনা করেছেন কামরুল হুদা এবং পরিচালনা করেছেন মঞ্জুর মো. শাহরিয়ার। নাটকটির শুটিং হয়েছে সুনামগঞ্জের মনোরম পরিবেশে। প্রিয়াঙ্কার ভাষায়, টানা কয়েকদিন সেখানে শুটিং করতে গিয়ে গরমের কারণে কষ্ট হলেও গল্প, চরিত্র ও লোকেশনের কারণে তিনি মন দিয়ে কাজটি করেছেন। এছাড়া চারটি খ- নাটক হলো শাহজাদা মামুন রচিত ও ফজলুল কবির রথি পরিচালিত ‘হঠাৎ একদিন’, সজীব চিশতী রচিত ও পরিচালিত ‘কলঙ্ক’ ও ‘গয়নার বাক্স’, এবং জয়ন্ত চন্দ্র রচিত ও ফিরোজ কবির ডলার পরিচালিত ‘লজ্জা’। নাটকগুলো গত বছরের বিভিন্ন সময়ে শুটিং করা হয়েছে। প্রতিটি নাটকের গল্পই জীবনঘনিষ্ঠ বলে জানান প্রিয়াঙ্কা। বিশেষ করে ‘লজ্জা’ নাটকটি গ্রামাঞ্চলের সাধারণ মেয়েদের মধ্যে ঋতুস্রাবকালীন ন্যাপকিন ও প্যাড ব্যবহারের সামাজিক সংকোচ ও বাস্তবতা তুলে ধরায় কাজটি করতে তার ভীষণ ভালো লেগেছে।



