Wednesday, March 4, 2026
হোমবিনোদনকাঁচখেলার নাট্য সম্মাননা পেলেন ৮ নারী

কাঁচখেলার নাট্য সম্মাননা পেলেন ৮ নারী

সম্পর্কিত সংবাদ

নাট্যদল কাঁচখেলা রেপার্টরি থিয়েটার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতি বছর আয়োজন করে নাট্যোৎসব। এ উৎসবে সম্মাননা দেয়া হয় নারী শিল্পীদের। সেই ধারাবাহিকতায় এ বছরও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কাঁচখেলা রেপার্টরি থিয়েটার ‘তীর’র সহযোগিতায় আয়োজন করেছে ‘কাঁচখেলা নাট্য উৎসব ও নারী নাট্য সম্মাননা-২০২৪’।

গতকাল সন্ধ্যা ছয়টায় রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে উৎসবের উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারী শিল্পীদের হাতে সম্মাননা তুলে দেন। মঞ্চনাটকে একক অভিনয় করেছেন এমন আট মঞ্চাভিনেত্রীকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে তিন দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন ঘোষণা করেন বরেণ্য অভিনেত্রী ডলি জহুর। উৎসবে গতকাল ৮ মার্চ মঞ্চস্থ হয় থিয়েটার ফ্যাক্টরির নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’, আজ ৯ মার্চ প্রাচ্যনাটের ‘আগুনযাত্রা’ এবং ১০ মার্চ অনুস্বরের ‘হার্মাসিস ক্লিওপেট্রা’ নাটকের মঞ্চায়ন হবে।

এবার মোমেনা চৌধুরী, নাটক, রোজী সেলিম, নাজনীন হাসান চুমকি, তনিমা হামিদ, জুয়েনা শবনম, শামসি আরা সায়েকা, হাসিনা সাফিনা বানু উর্মি ও সৈয়দা নওশীন ইসলাম দিশা কাঁচখেলা নাট্য সম্মাননা পেয়েছেন। অনুষ্ঠানের উদ্যোক্তা সায়েম সামাদ বলেন, ‘সব ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য। বাংলাদেশের মঞ্চনাটকে নারীর মেধা ও শ্রমের মূল্যায়ন যথাযথভাবে হওয়া উচিত বলে আমি মনে করি।

পুরুষ সহকর্মীর তুলনায় নারীকে থিয়েটারে সম্পৃক্ত হতে সাধনা চালিয়ে যেতে অনেক বেশি প্রতিবন্ধকতার সঙ্গে লড়তে হয়। নারীর মঞ্চ সাধনাকে মূল্যায়িত করতে প্রতি বছর এই আয়োজন করছি। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও ভালো কিছু উপহার দেয়ার ইচ্ছা আছে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই প্রত্যেক নারী শিল্পীকে যারা এই সম্মাননা গ্রহণ করার জন্য সম্মতি দিয়েছেন। কারণ, তাদের কারণেই আলোকিত হবে এই অনুষ্ঠান।’

সম্প্রতি

আরও খবর