Friday, March 6, 2026
হোমখবররাজনীতিএরশাদ অনুসারী সবাইকে জাপার পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রওশনের

এরশাদ অনুসারী সবাইকে জাপার পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রওশনের

সম্পর্কিত সংবাদ

জাতীয় পার্টির বিভেদের মধ্যে এক পক্ষের সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়াে আহ্বান জানিয়েছেন নিজেকে চেয়ারম্যান ঘোষণা করা রওশন এরশাদ।

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির রওশনপন্থিদের এই জাতীয় কাউন্সিল হয়।

রওশন বলেন, এই ঐতিহাসিক মুহূর্তে একদা যে সব নেতা-কর্মী পল্লীবন্ধু এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন, তাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা সবাই জাতীয় পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হই। দেশের রাজনীতিতে একটা সুষ্ঠু ধারা বজায় রাখার জন্য জাতীয় পার্টির আর কোনো বিকল্প নাই।

তিনি বলেন, আমার রাজনৈতিক জীবনের এক ঐতিহাসিক দিন। আমার গড়া প্রাণপ্রিয় সংগঠন জাতীয় পার্টি এই রকম একটি ঐতিহাসিক সম্মেলন আয়োজন করতে পেরেছে দেখে আমার হৃদয় কানায় কানায় ভরে গেছে। এসময় তিরি সম্মেলন আয়োজনের জন্য জাতীয় পার্টির সকল স্তরের নেতা-কর্মীদের আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

রওশন এরশাদ বলেন, যদি এই সম্মেলন অনুষ্ঠিত না হত, তাহলে জাতীয় পার্টি হারিয়ে যেত। হাজার হাজার নেতা-কর্মীকে আমরা হারিয়ে ফেলতাম। দেশের মানুষ জাতীয় পার্টির দিক থেকে মুখ ফিরিয়ে নিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেই তার প্রতিফলন ঘটেছে।

তিনি বলেন, আমরা অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে এখনো টিকে আছি। ১৯৯৬ সালের নির্বাচনের পর যখন একটু ঘুরে দাঁড়ালাম- তখন আমাদের দলীয় প্রতীক লাঙ্গল নিজেদের আয়ত্তে রাখার জন্য আদালতে দাঁড়াতে হয়েছিল। মহামান্য আদালতের সুবিচারে পল্লীবন্ধু এরশাদ এবং আমি রওশন এরশাদ লাঙ্গল প্রতীক জাতীয় পার্টির জন্য বরাদ্দ পেয়েছিলাম। সেই লাঙ্গল প্রতীক এখনো আমাদের জাতীয় পার্টির অনুকূলে আছে এবং আগামীতেও থাকবে ইনশা আল্লাহ।

রওশন বলেন, পল্লীবন্ধু এরশাদ এদেশে যে নতুন ধারার ইতিবাচক রাজনীতির প্রবর্তন করে ছিলেন, সেই রাজনীতি হারিয়ে যেতে বসেছিল। আজ এই দশম সম্মেলনের মাধ্যমে পল্লীবন্ধু এরশাদের নীতি-আদর্শ এবং উন্নয়ন-সমৃদ্ধি ও সংস্কারের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। জনগণের মনে আবার আমরা বিশ্বাস প্রতিষ্ঠা করতে পেরেছি এই সম্মেলনের মাধ্যমে।

কাউন্সিলর ও ডেলিগেটদের উদ্দেশে রওশন বলেন, পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টিতে কোনো বিভেদ নাই। আমরা এক আছি, ঐক্যবদ্ধ আছি এবং থাকব। অতীতে যারা পার্টি ছেড়ে গেছে, তারা কেউ পল্লীবন্ধু এরশাদের নীতি আদর্শ নিয়ে যায়নি। এমনকি তারা পল্লীবন্ধুর ছবিও সাথে নেয়নি। তাই জাতীয় পার্টি কখনো ভেঙেছে, তা আমি মনে করি না।

তিনি বলেন, দেশবাসী একটি শক্তিশালী-সুসংগঠিত জাতীয় পার্টি দেখতে চায়। আসুন আমরা সবাই একত্রিত হয়ে জাতীয় পার্টির সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক এবং আপামর জনগণের প্রত্যাশা পূরণ করি। নেতৃত্ব এবং কর্তৃত্ব আয়ত্তে রাখার লোভে কেউ আলাদা থাকবেন না।

সম্প্রতি

আরও খবর