Thursday, March 5, 2026
হোমবিনোদনচট্টগ্রাম, যশোর হয়ে কলকাতায় ‘মেঘদল’

চট্টগ্রাম, যশোর হয়ে কলকাতায় ‘মেঘদল’

সম্পর্কিত সংবাদ

মঞ্চে সরব সময় পার করছে ব্যান্ড ‘মেঘদল’। হরহামেশাই থাকছে শো, ছুটছেন দেশের নানা অঞ্চলে, শহরে। গত ৭ ও ৮ মার্চ চট্টগ্রামে সেরেছেন পর পর দুটি কনসার্ট। এরপর গত ১০ মার্চ যশোরে। এবার কাঁটাতার পেরিয়ে, প্রতিবেশী দেশে।

ভারতের কলকাতায় বিশেষ একটি কনসার্টে হাজির হচ্ছে ওজনদার গানের এই ব্যান্ড। আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য সেই কনসার্টের ভেন্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়। জানা গেল, এই প্রথম বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে পারফর্ম করবে ‘মেঘদল’। এর সূত্র ধরেই বিস্তারিত জানার জন্য যোগাযোগ করা হয় ব্যান্ডটির ভোকাল শিবু কুমার শীলের সঙ্গে। তিনি বলেন, ‘এটা কলকাতায় আমাদের চতুর্থ শো হতে যাচ্ছে।

তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম। এই ক্যাম্পাস নানা কারণে বিশেষ। তাই কনসার্টটি নিয়ে আমরাও বেশ উচ্ছ্বসিত। তারা প্রতি বছরই সংস্কৃতি উৎসবের আয়োজন করে। এবারের উৎসবের শেষ দিনে আমরা পারফর্ম করব। অর্থাৎ আমাদের পরিবেশনা দিয়েই আয়োজনটি শেষ হবে।’ ‘সংস্কৃতি’ নামের এই উৎসবের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টির আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন। এতে ১৫ মার্চ রাতে পারফর্ম করবে কলকাতার ব্যান্ড ‘দোহার’।

তিন কনসার্টের সুবাদে সিটি অব জয়ে অতীত অভিজ্ঞতা কেমন? এমন প্রশ্নের জবাবে ‘মেঘদল’র কণ্ঠ শিবুর ভাষ্য, ‘দারুণ অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে মনে হয়েছে, ব্যান্ড মিউজিক কিংবা বাংলা গানের শ্রোতা যেমন হওয়া উচিত, সেটা কলকাতায় আছে। আগে তো বাচ্চু ভাইদের সময়ে বাংলাদেশি ব্যান্ডের একটা বড় জায়গা ছিল সেখানে। মাঝে কিছুটা গ্যাপ ছিল বোধহয়।

এখন আবার নিয়মিত আমাদের ব্যান্ড, শিল্পীরা কলকাতায় যাচ্ছেন এবং তারাও খুব ভালোবাসা দিয়ে গ্রহণ করছেন।’ দেশের বৃহত্তম সংগীত অনুষ্ঠান ‘জয় বাংলা কনসার্ট’-এ পারফর্ম করার বিষয়টিও বাদ গেল না আলাপে। এ বিষয়ে শিবু অনুভূতি জানালেন এভাবে, ‘এ নিয়ে দ্বিতীয়বার জয় বাংলা কনসার্টে পারফর্ম করেছি আমরা। প্রায় ৩৫-৫০ হাজার মানুষের সামনে গান করার অভিজ্ঞতা আসলে অনন্য। আর চট্টগ্রাম তো রক মিউজিকের অঞ্চল। ফলে দারুণ সাড়া পেয়েছি।’ সবশেষে নতুন গানের আভাস দিলেন শিবু। জানালেন, তাদের তৃতীয় অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র সপ্তম গান শীঘ্রই আসছে। ইতোমধ্যে দুটো গানের কাজ শেষ করেছেন তারা। কেবল বাকি ভিডিও।

ঈদ-বৈশাখ শেষেই সেই কাজে হাত দেবেন। উল্লেখ্য, গত বছরের আগস্টে প্রকাশ করা হয়েছিল ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ষষ্ঠ তথা টাইটেল গান। বর্তমানে ব্যান্ডটির লাইনআপে রয়েছেন শিবু কুমার শীল (কথা, সুর, কণ্ঠ), মেজবাউর রহমান সুমন (কথা, সুর, কণ্ঠ), রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, সুর, গিটার), আমজাদ হোসেন (ড্রামস), এম জি কিবরিয়া (বেজ গিটার), তানভীর দাউদ রনি (কিবোর্ড) ও সৌরভ সরকার (বাঁশি, ক্লারিনেট, স্যাক্সোফোন)।

সম্প্রতি

আরও খবর