Thursday, March 5, 2026
হোমখবরঅপরাধ ও দুর্নীতিসালাম মুর্শেদীর গুলশানের বাড়ি: রায়ের দিন পেছাল

সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি: রায়ের দিন পেছাল

সম্পর্কিত সংবাদ

সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে মামলার রায়ের তারিখ পিছিয়ে বুধবার নতুন দিন রেখেছে হাই কোর্ট।

মঙ্গলবার এ বিষয়ে রায় ঘোষণার দিন ছিল। কিন্তু দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সময়ের আবেদন করলে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ তা মঞ্জুর করে রায়ের নতুন তারিখ রাখে।

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়িটি ‘পরিত্যক্ত সম্পত্তি’ দাবি করে তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

দুর্নীতি দমন কমিশন (দুদক), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), গণপূর্ত বিভাগসহ সংশ্লিষ্টদের সেখানে বিবাদী করা হয়।

প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১ নভেম্বর রুল জারি করে হাই কোর্টের এই বেঞ্চ। সরকারের সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে বাড়ি বানানোর অভিযোগে সালাম মুর্শেদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় সেখানে।

সেই সঙ্গে এ সম্পত্তি সম্পর্কিত সব কাগজপত্র ১০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে রাজউক, গণপূর্ত বিভাগ ও সালাম মুর্শেদীকে নির্দেশ দেওয়া হয়।

গত ২৯ ফেব্রুয়ারি রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অনীক আর হক ও অ্যাডভোকেট সৈয়দ সায়েদুল হক সুমন।

ওইদিন তারা বলেছিলেন, রাজউক ও দুদকের হাই কোর্টে দাখিল করা প্রতিবেদনে প্রমাণিত হয়েছে গুলশানে সালাম মুর্শেদী যে বাড়িতে বাস করছেন সেটা রাষ্ট্রের সম্পত্তি। এই বাড়িতে তিনি এখন এক মুহূর্তও থাকতে পারেন না।

এরপর গত ৩ মার্চ মামলার শুনানি শেষ হয়।

সম্প্রতি

আরও খবর