শিক্ষক-সহপাঠীকে দায়ী করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে তার মা কুমিল্লায় মামলা করেছেন।
আজ শনিবার রাতে অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে নিহতের সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে আসামি করে মামলা করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালী থানার ওসি ফিরোজ হোসেন।
মামলার অভিযোগে বলা হয়,অবন্তিকার সহপাঠী আম্মান ইন্টারনেট এবং সরাসরি তাকে যৌন হয়রানি করে আসছিল। আম্মানের বিরুদ্ধে সহাকারী প্রক্টর দ্বীন ইসলামের কাছে অভিযোগ করলে তিনি কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো অবন্তিকাকেই নানাভাবে অপদস্থ করছিলেন।
এ বিষয়ে ওসি বলেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেব। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা সরকারি কলেজের সাবেক শিক্ষক প্রয়াত অধ্যাপক জামাল উদ্দিনের মেয়ে ফাইরুজ গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও ‘পিসি পার্ক স্মরণিকা’ নামের ১০ তলা ভবনের দ্বিতীয় তলার বাসায় গলায় রশি বেঁধে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন।
মৃত্যুর ১০ মিনিট আগে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ ঘটনার জন্য সহপাঠী আম্মানকে দায়ী করেছেন। একইসঙ্গে সহকারী প্রক্টর দ্বীন ইসলামকেও এ ঘটনার জন্য দায়ী করেন।
আজ শনিবার রাতে আসামি দুজনকেই গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।



