নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয়ে যুক্ত হলেন চিত্রনায়িকা তানিন সুবহা। আকাশ রঞ্জন পরিচালিত ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ নাটক এটি। ৭ মার্চ উত্তরায় এই নাটকের শুটিং করলেন তানিন। তানিন সুবহা বলেন, ‘বিরতীর পর শুটিং করছি, অভিনয়ে ফিরেছি। ঈদের মতো অন্যরকম আনন্দ লাগছে। প্রিয় সহকর্মীরা খুব সহজে সবাই আপন করে নিয়েছে।
শুভাকাক্সক্ষীরাও চায় যাতে নিয়মিত কাজ করি। তাই নতুন কাজ শুরু করতে পেরে বেশ আনন্দিত আমি।’ জানা যায়, ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ ধারাবাহিকে তানিন বাদে আরও অভিনয় করেছেন শাকিলা পারভীন, চিত্রলেখা গুহ, রিনা খান প্রমুখ। ধারাবাহিকের গল্প লিখেছেন টিপু আলম মিলন।
তানিন সুবহা জানিয়েছেন, চলতি মাসে আরও কয়েকটি নাটকের শুটিং করবেন তিনি। প্রসঙ্গত, তানিন সুবহা অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে রয়েছেন ‘মাটির পরী’, ‘তুই আমার’, ‘দেমাগ’, ‘বেগমজান’, ‘ভালো থেকো’, ‘বীর বাঙালি’ ও ‘রাজা রানির গল্প’। মুক্তির অপেক্ষায় আছে তার ‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’ ও ‘প্রেমের বাঁধন’ ছবিগুলো।



