একটি মৌলিক গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন গায়ক জে আলম ও অবন্তী সিঁথি। ‘পায়ে পায়ে তোর ছায়া, সব রোদেই তোর মায়া’ এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন দেলোয়ার আরজুদা শরফ। মিউজিক করেছেন এরফান টিপু। রোমান্টিক এই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে রামপুরাতে দোলোয়ার আরজুদা শরফের নিজস্ব স্টুডিওতে। এই গান নিয়ে জে আলম বলেন, ‘গানটির কথা এবং সুর আমার ভীষণ ভালো লেগেছে।
যে কারণে বেশকিছুদিন ধরেই এই গানটি নিয়ে পরিকল্পনা চলছিল। শরফ ভাই আমার সঙ্গে এমন একটি কণ্ঠই যুক্ত করতে চাচ্ছিলেন যেন গানটি একটি মনে গেঁথে যাওয়ার মতো গান হয়ে যায়। এই গানে আমার সহশিল্পী হিসেবে থাকবেন অবন্তী সিঁথি। যথারিতি গানের রেকর্ডিং সম্পন্ন হলো। রেকর্ড শেষে আপাতত আমারা যতোটুকু গানটি শুনলাম, তাতে মনে হলো এই গান শ্রোতা-দর্শকের মনে বেঁচে থাকার মতো একটি গান হয়েছে।
আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ দেলোয়ার আরজুদা শরফ ভাইয়ের প্রতি। এই গানটি নিয়ে তিনি অনেক শ্রম দিয়েছেন। পাশাপাশি কৃতজ্ঞতা জানাই অবন্তী সিঁথিকে গানটি মন দিয়ে ভালোবেসে গাওয়ার জন্য।’ জে আলম জানান শীঘ্রই গানটির মিউজিক ভিডিওর শুটিং করা হবে। এরপর তা একটি চ্যানেলে প্রকাশ পাবে।
গানটি প্রসঙ্গে অবন্তী সিঁথি বলেন, ‘এর আগে শরফ ভাইয়ের কথায় গান গেয়েছি। কিন্তু এবারই প্রথম তার সুরে গান গাইলাম। গানের কথা, গানের সুর আমাকে এখনও আচ্ছন্ন করে রেখেছে। আমার সহশিল্পী জে আলম ভাইও খুব ভালো গেয়েছেন। আশা করছি গানটিও শ্রোতাদের ভালো লাগবে।’



