চরকির জন্য ‘ঊনলৌকিক’ নির্মাণ করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম সিন্ডিকেট। সিরিজটি প্রশংসা কুড়িয়েছিল। এবার চরকির জন্য আগামী তিন বছরে ১০টি ওয়েব সিরিজ নির্মাণ করছে ফিল্ম সিন্ডিকেট। ১৩ র্মাচ ঢাকা ক্লাবে এক আয়োজনে যৌথভাবে সিরিজের ঘোষণা দিয়েছে চরকি ও ফিল্ম সিন্ডিকেট। এর মধ্যে একটি সিরিজ নির্মাণ শেষ হয়েছে, আরেকটির চিত্রনাট্যের কাজও হয়েছে। বাকিগুলোর কাজও এগিয়ে নিচ্ছে ফিল্ম সিন্ডিকেট। চরকি ও ফিল্ম সিন্ডিকেট প্রায় একই সঙ্গে যাত্রা করেছে।
কাইজার, কারাগার, ঊনলৌকিক, তাকদীর-এর মতো আলোচিত সিরিজ নির্মাণ করে পরিচিতি পেয়েছে ফিল্ম সিন্ডিকেট। ফিল্ম সিন্ডিকেটের সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, সালেহ সোবহান অনীমরা দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ফিল্ম সিন্ডিকেটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মীর মোকাররম হোসেন বলেন, ‘ফিল্ম সিন্ডিকেট চরকির শুরু থেকেই তাদের সঙ্গে কাজ করে আসছে। এরপর দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলাম, কীভাবে আমরা একসঙ্গে আরও কাজ করতে পারি।
আমরা বিশ্বাস করি, ফিল্ম সিন্ডিকেট যে কনটেন্ট বানাতে চায়, তা বিশ্বের সব বাঙালি তথা সব দর্শকের কাছে পৌঁছে দেবে চরকি।’ নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী বলেন, ‘একসঙ্গে দারুণ একটা যাত্রা শুরু করলাম। দর্শকের দেখার ধরন পরিবর্তিত হচ্ছে। ফিল্ম সিন্ডিকেট ও চরকি মিলে দর্শককে নতুন কিছু উপহার দেবে, এই প্রত্যাশা।’ চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘বাংলাদেশে ওটিটি কনটেন্টের জার্নির সঙ্গে ফিল্ম সিন্ডিকেটের নাম ওতপ্রোতভাবে জড়িত।
তারা যে গুণগত মানের কাজ করে, তা দর্শক জানে। খুব পেশাদার, মেধাবী নির্মাতারা ও প্রযোজকেরা আছেন ফিল্ম সিন্ডিকেটে। চরকির সঙ্গে ফিল্ম সিন্ডিকেটের এই কোলাবরেশনটা বাংলা কনটেন্টের জন্য বিশাল ব্যাপার হবে।’ আয়োজনে উপস্থিত ছিলেন মিডিয়াস্টার লিমিটেডের পরিচালক ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
তিনি বলেন, ‘বাংলাদেশে অনেক গল্প বলার আছে। চারপাশের মানুষের আনন্দ, বেদনা, সংগ্রাম আছে। এসব গল্প নিয়ে চরকি কাজ করেছে। চরকি ও ফিল্ম সিন্ডিকেট মিলে তিন বছরে এই কাজ করবে। এটি দারুণ উদ্যোগ।’
উল্লেখ্য,২০২০ সালে মীর মোকাররম হোসেনের উদ্যোগে চলচ্চিত্র নির্মাতা তানিম নূর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, রুমেল চৌধুরী ও রেহমান সোবহানকে নিয়ে যাত্রা শুরু করে ফিল্ম সিন্ডিকেট।



