মঞ্চে আসছে ম্যাড থেটারের নতুন প্রযোজানা ‘ঘরে ফেরা‘ । মোজাফফর হোসেনের কাহিনি অবলম্বনে নাটকটি রচনা নির্দেশনা ও পরিকল্পনা করেছেন আসাদুল ইসলাম। ২২ মার্চ সন্ধ্যা ৭টায় ৫ দিনব্যাপী ভারতের আমতা পরিচয় উৎসব ২০২৪ এর দ্বিতীয় দিনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।
এক সাগর রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা। আমাদের স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র যুদ্ধের সূচনা হয় ১৯৭১ সালের মার্চ মাসে। ইতিহাসের সেই রক্তঝরা মার্চে, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের নতুন নাটক ‘ঘরে ফেরা’। নাটকটি ম্যাড থেটারের ৪র্থ প্রযোজনা। একক চরিত্রের নাটকটিতে যুদ্ধপীড়িত, অসম্ভব প্রাণশক্তি সম্পন্ন এক লড়াকু নারীর ভূমিকায় অভিনয় করেছেন সোনিয়া হাসান।
নির্দেশক নাটকটি নিয়ে বলেন, ‘পৃথিবীর বিভিন্ন প্রান্তের যুদ্ধে একটাই চিত্র রক্তক্ষয়। সেই চিত্র নিদারুণভাবে ফুটে উঠেছে আমাদের মুক্তিযুদ্ধে। যুদ্ধ ডেকে আনে হত্যা। যুদ্ধ মানুষকে নিঃস্ব করে দেয়, যুদ্ধ মানুষকে একা করে দেয়। যুদ্ধ দিনের ভয়াবহতার এক নির্মম প্রতিচ্ছবি উঠে এসেছে ম্যাড থেটারের নতুন নাটক ঘরে ফেরায়।’



