বহুভাষিক উৎসব ২০২৫ বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ‘অমর একুশে নাট্যোৎসব ২০২৫’। উৎসব চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে। মুক্ত মঞ্চে নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ। ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘সত্তর এবং আশির দশকে বাংলাদেশে ব্যাপক নাট্যচর্চা হয়েছে। তার পেছনে একটা বড় কারণ
হচ্ছে ষাটের দশকে, পঞ্চাশের দশকে জেলা পর্যায়ে প্রচুর কাজ ছিল। প্রদেশ পর্যায়ে যদি রসদ যোগায় তাহেল কেন্দ্রে প্রাণচাঞ্চল্য থাকে। প্রদেশে যদি প্রাণচাঞ্চল্য বা কর্মকা- না থাকে তাহলে কেন্দ্রেও প্রাণচাঞ্চল্য থাকবে না। আমরা নাট্যকর্মীরা একটা ভাষাই বুঝি সেটা হচ্ছে নাটক করা। আমাদের সবসময় প্রয়োজন নাটকের মাধ্যমে আমাদের সমাজ এবং রাষ্ট্রের যে বিচ্যুতি আছে সেগুলো তুলে ধরা এবং মানুষের মনে স্বপ্ন ও বীজ বপন করা যে কোনো দিকে যেতে পারি। দেশটা কেমন হওয়া উচিত তার কিছু উদাহরণ, তার কিছু দিকনির্দেশনা বা তার কিছু খোয়াব দেখানো আমাদের মঞ্চ নাটকে। জেলা পর্যায়ে এবার আমরা পৌঁছেছি। আগামীতে উপজেলা পর্যায়ে আমরা পৌঁছাতে চাইব আমাদের নাটক নিয়ে, লোকনাট্য নিয়ে, গান নিয়ে আমাদের নানা ধরনের চর্চা নিয়ে। নাটকের দলগুলোকে আহ্বান করব চলেন একসঙ্গে কাজ করি। নাটক করি এবং জনগণ যারা আছে তাদের সামনে তুলে ধরি আমরা কী ধরনের বাংলাদেশ চাই।’ উদ্বোধনী পর্বের পর মঞ্চায়ন হয় নাট্যতীর্থ নাট্যদলের নাটক ‘দ্বীপ’। প্রতিদিন দুটি করে নাটক মঞ্চায়ন হবে। নাট্য প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।



