বিশাল ভরদ্বাজ পরিচালিত ও শহিদ কাপুর অভিনীত ‘ও রোমিও’র টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তবে মুক্তির আগেই আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি। মুম্বাইয়ের আশি-নব্বইয়ের দশকের কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তরার জীবন অবলম্বনে সিনেমাটি তৈরি- এমন গুঞ্জনের মাঝেই নির্মাতাদের বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন তার কন্যা সনোবর। জানা গেছে, হুসেন উস্তরার চরিত্র যেভাবে সিনেমায় তুলে ধরা হয়েছে, তাতে আপত্তি জানিয়েছেন তার মেয়ে। এতে পরিবারের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে বলে অভিযোগ তুলে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার কাছে তিনি ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন (বাংলাদেশি মুদ্রায় আড়ায় কোটিরও বেশি)। একই সঙ্গে তার অনুমতি ছাড়া যেন সিনেমাটি মুক্তি না পায়, সেই দাবিও জানানো হয়েছে। ‘ও রোমিও’ সিনেমায় শহিদের রূঢ় ও নৃশংস অবতার এরই মধ্যে নজর কেড়েছে। চরিত্রের প্রয়োজনে সারা শরীরে অস্থায়ী উল্কি করিয়েছেন তিনি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তামান্না ভাটিয়া, বিক্রান্ত ম্যাসি, অবিনাশ তিওয়ারি ও নানা পটেকর।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ও রোমিও’র। তবে আইনি জটিলতা শেষ পর্যন্ত সিনেমার মুক্তিতে কোনো প্রভাব ফেলে কি না, সেদিকেই এখন নজর সিনেমাপ্রেমীদের।



