Thursday, March 5, 2026
হোমবিনোদনহলিউড‘সিনার্স’ অস্কারে ইতিহাস গড়ল

‘সিনার্স’ অস্কারে ইতিহাস গড়ল

সম্পর্কিত সংবাদ

ভ্যাম্পায়ার-থ্রিলার ঘরানার ব্লকবাস্টার চলচ্চিত্র ‘সিনার্স’ এবার অস্কারে মনোনয়নের নতুন রেকর্ড গড়েছে। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রসহ ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে এই ছবি এখন পর্যন্ত সর্বোচ্চ মনোনয়ন পাওয়া সিনেমা হিসেবে সামনে এসেছে। আগের সর্বোচ্চ রেকর্ড ১৪টি মনোনয়ন ছিল টাইটানিক (১৯৯৭), লা লা ল্যান্ড (২০১৬) ও অল অ্যাবাউট ইভ (১৯৫০)-এর দখলে। ১০ কোটি ডলার বাজেটের ‘সিনার্স’ সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। ছবিটির জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন মাইকেল বি. জর্ডান, যিনি ছবিতে যমজ ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। পরিচালক রায়ান কুগলার একাই পেয়েছেন সেরা পরিচালক ও সেরা মৌলিক চিত্রনাট্যÑ দুইটি মনোনয়ন। এ ছাড়া ছবিটি পেয়েছে সেরা পার্শ্ব অভিনেতা (ডেলরয় লিন্ডো), সেরা পার্শ্ব অভিনেত্রী (উনমি মোসাকু), সেরা শব্দ, সেরা ভিজ্যুয়াল ইফেক্টস, সেরা পোশাক পরিকল্পনা, সেরা রূপসজ্জা ও চুলসজ্জা, সেরা মৌলিক গান, সেরা শিল্প নির্দেশনা সহ আরও অনেক বিভাগে মনোনয়ন। আরেকটি বড় ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ পেয়েছে ১৩টি মনোনয়ন।

এতে সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। তার সহশিল্পী বেনিসিও দেল তোরো ও শন পেন সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন এবং টিয়ানা টেলর সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে জায়গা পেয়েছেন। অন্যদিকে ‘মার্টি সুপ্রিম’, ‘ফ্রাঙ্কেনস্টাইন’ ও ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ প্রতিটিই ৯টি করে মনোনয়ন পেয়েছে। ‘হ্যামনেট’ ছবির জন্য জেসি বাকলি সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন। ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’ সেরা চলচ্চিত্র ও সেরা আন্তর্জাতিক কাহিনিসহ চারটি বিভাগে নাম পেয়েছে এবং এতে ভাগনার মোরা সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন। মনোনয়নগুলো ২২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে ঘোষণা করা হয়। ঘোষণা অনুষ্ঠান একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে অনুষ্ঠিত হয় এবং সরাসরি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার করা হয়। অস্কারের বিজয়ীদের নাম ১৫ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ঘোষণা করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আমেরিকান কমেডিয়ান কোনান ও’ব্রায়েন এবং এটি বিশ্বব্যাপী সম্প্রচার করা হবে।

সম্প্রতি

আরও খবর