অভিনেত্রী, সংগীতশিল্পী, মডেল ও প্রযোজক তাসনিয়া ফারিণ। এবার পূর্বের ঘোষণা অনুযায়ী নতুন একটি গান নিয়ে আসছেন তিনি। যেটি তার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম মিউজিক ভিডিও। কিছুদিন আগে ফারিণ জানান, ‘ফড়িং ফিল্মস’ নামে এ প্রতিষ্ঠানের মাধ্যমে তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। যা নিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করে তখন ফারিণ লিখেছেন, “নতুন অধ্যায়ের শুরু ‘ফড়িং ফিল্মস’ আমার প্রোডাকশন হাউস। সবাই আমার জন্য দোয়া করবেন।” আগামী ০৪ ডিসেম্বর ‘মন গলবে না’ শিরোনামে এ প্রতিষ্ঠানের প্রথম গান প্রকাশ পাবে। যেখানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের মডেলও হয়েছেন তিনি। এর একটি ট্রেলার এরই মধ্যে প্রকাশিত হয়েছে এবং গানটি মুক্তি পাবে ইমরান মাহমুদুল ও ফারিণের ইউটিউব চ্যানেলে, কারণ এ গানে তার সহশিল্পী হিসেবে আছেন ইমরান। এ ছাড়া গানের কথা লিখেছেন কবির বকুল।



