Friday, March 6, 2026
হোমবিনোদনঅন্যান্যমঞ্চে আসছে নাটক ‘শায়েস্তা খাঁ’র পরী’

মঞ্চে আসছে নাটক ‘শায়েস্তা খাঁ’র পরী’

সম্পর্কিত সংবাদ

মঞ্চে আসছে নতুন নাট্যপ্রযোজনা ‘শায়েস্তা খাঁ’র পরী’। মেঘদূত নাট্য সম্প্রদায়ের ২১তম প্রযোজনা হিসেবে নাটকটি আজ ১৮ জানুয়ারি রোববার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে এর উদ্বোধনী মঞ্চায়ন হবে।নাটকটি নির্মিত হয়েছে কথাসাহিত্যিক ইসমাইল হোসেনের উপন্যাস অবলম্বনে। ঐতিহাসিক ফিকশন ঘরানার এই নাটক লালবাগ কেল্লাকে কেন্দ্র করে গড়ে ওঠা এক রহস্যময় প্রেমকাহিনি ও সময়ের রাজনৈতিক সংঘাতের গল্প তুলে ধরে। শায়েস্তা খাঁর শাসনামল, জলদস্যু ও ঔপনিবেশিক শক্তির আগ্রাসন, নিম্নবর্গীয় মানুষের লড়াই, সব মিলিয়ে ইতিহাসের এক অদেখা স্তর উন্মোচনের প্রয়াস রয়েছে নাটকটিতে। উপন্যাসটির নাট্যরূপ দিয়েছেন আবু সাঈদ তুলু। তিনি বলেন, ইতিহাস যা ঘটেছে তা বলে, আর সাহিত্য বলে যা ঘটতে পারত। এই নাটক সেই অনুল্লিখিত ইতিহাসের শিল্পসত্য অনুসন্ধানের এক প্রয়াস। নাটকটির নির্দেশনায় রয়েছেন তরুণ নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময়, যিনি প্রযোজনাটিতে যুক্ত করেছেন আধুনিক মঞ্চভাষা, ভিজ্যুয়াল সিম্বোলিজম ও সমকালীন নাট্যচিন্তা। নির্দেশক জানান, এই নাটক ইতিহাস ও কল্পনার যুগ্ম রসায়ন। দর্শককে ১৭০০ শতকের আবহে, রহস্য ও আবেগের গভীরে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। মঞ্চ পরিকল্পনায় ফজলে রাব্বি সুকর্ণ, আলোক পরিকল্পনায় পলাশ হেনড্রী সেন, পোশাক পরিকল্পনায় আইরিন পারভীন লোপা এবং সংগীত পরিচালনায় হামিদুর রহমান পাপ্পু নাটকটিকে দিয়েছেন অনন্য নান্দনিক রূপ। নাটকে অভিনয় করছেন, শুভাশীষ দত্ত তন্ময়, রেখা রানী গুণ, জয়া আহমেদ, দীপু মাহমুদ, শান্তনু সাহা, হামিদুর রহমান পাপ্পু, আশীষ চক্রবর্তী, সুধাংশু নাথ, আলমগীর হোসেন, মীরা, পার্থ দেবনাথ, ফাহিম, মুরাদ, মো. আনিস, তানিয়া, নয়ন ও রায়হানসহ আরও অনেকে। ঔপন্যাসিক ইসমাইল হোসেন বলেন, ইতিহাস নির্মম পাটু ও পরীদের মতো চরিত্রদের সেখানে কোনো স্থান নেই। তাই তারা আমার উপন্যাসে আশ্রয় নিয়েছে। তাঁর ভাষায়, গ্রাম্য কিশোরী পরীই এই কাহিনির চেতনার মূল শিখা। এটি শুধু একটি নাটক নয় এটি ইতিহাস, প্রেম, কিংবদন্তি ও মানুষের লড়াইয়ের এক মেলবন্ধন। একটি কেল্লা, একজন শাসক, এক হারানো প্রেম ও ইতিহাসের অদেখা স্তর এই চার সূত্রেই গড়ে উঠেছে এক নাট্যমুহূর্ত, যা দর্শকের জন্য হবে এক নতুন অভিজ্ঞতা।

সম্প্রতি

আরও খবর