নতুন বছরের শুরুতেই দুটি নতুন মৌলিক গান নিয়ে আসছেন সঙ্গীতশিল্পী শারমিন কেয়া। গান দুটি হলো ‘মর্জি’ ও ‘সমান্তরাল’। ‘মর্জি’ গানটির কথা লিখেছেন শাওন মাহমুদ এবং ‘সমান্তরাল’-এর কথা লিখেছেন নীলা নিক্কি। দুটি গানেরই সুর ও সংগীত পরিচালনা করেছেন আমজাদ হোসেন। শিগগিরই গান দুটির মিউজিক ভিডিও নির্মাণ শেষ হবে। একটি গান আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর এবং অন্যটি পহেলা বৈশাখে শারমিন কেয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। গান দুটি নিয়ে আশাবাদী শারমিন কেয়া জানান, মৌলিক গানই একজন শিল্পীর পরিচয় বহন করে। ‘মর্জি’ গানটি ভ্যাকেশন মুডের হলেও ‘সমান্তরাল’ একটি স্যাড রোমান্টিক ফোক গান, যা শ্রোতাদের আবেগে ছুঁয়ে যাবে বলে তার বিশ্বাস।
পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন শারমিন কেয়া। গত বছরের ডিসেম্বরে তিনি জাপানের ওসাকায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে সঙ্গীত পরিবেশন করে প্রশংসা কুড়ান। এরপর সৌদি আরবেও স্টেজ শোতে অংশ নেন তিনি। নতুন বছরে তার স্টেজ শোর যাত্রা শুরু হবে ২২ জানুয়ারি রাজধানীর বনানী ডিওএইচএসে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে।



