Thursday, March 5, 2026
হোমবিনোদনঅন্যান্যঢাকাই সিনেমায় সুমনের গান, সঙ্গে আসিফ

ঢাকাই সিনেমায় সুমনের গান, সঙ্গে আসিফ

সম্পর্কিত সংবাদ

প্রথমবার পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন গান করেছেন ঢাকাই সিনেমার জন্য। তবে তিনি এই যাত্রায় গাইছেন না, লেখা ও সুরে নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। গাওয়ার দায়িত্ব এসেছে এই বাংলার আসিফ আকবরের কণ্ঠে। কবীর সুমন ও আসিফ আকবরের সংগীত-রসায়ন নতুন নয়। ইতোমধ্যে তারা দ্বৈতভাবে শ্রোতাদের উপহার দিয়েছেন বেশকিছু গান। সেই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো সিনেমায় যুক্ত হলো এই জুটি।

পারিবারিক গল্প নিয়ে ‘ঝামেলা’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করছেন মিউজিক ভিডিও নির্মাতা ইয়ামিন ইলান। যেখানে থাকছে ৬টি গান। এর মধ্যে ৩টি কবীর সুমনের লেখা ও সুর করা। সংগীত পরিচালনা করেছেন উজ্জ্বল সিনহা ও আজমির বাবু। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। এর মাধ্যমে প্রথমবারের মতো ঢাকাই সিনেমার জন্য গান লিখলেন ও সুর করলেন কবীর সুমন। শুধু কবীর সুমনের লেখা ও সুর করা তিনটি গানেই নয়, সিনেমাটির সব গানেই কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। সবই তার একক গান। এর আগে ‘রানী কুঠির বাকি ইতিহাস’ ও ‘গহীনের গান’ সিনেমার সব গান গেয়েছিলেন আসিফ।

নির্মাতা জানান, সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর, শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, আবদুল্লাহ রানা, সাবেরি আলম, ইকবাল হোসেইন, দিয়া রইস, সাইফুর রহমান ইভান, রেজমিন সেতু, ফয়সাল বাপ্পী, ফারহানা ইয়াসমিন ইভা, জান্নাহ (শিশুশিল্পী), আদৃতা (শিশুশিল্পী), নাজনীন শবনম, ইসরাত রহমান, শাহেদ ওসমান রোমেল, রেশমা আহমেদ প্রমুখ। ‘ঝামেলা’ সিনেমাটি নির্মিত হচ্ছে দিয়া প্রোডাকশনসের ব্যানারে। প্রযোজনা করছেন দিয়া রইস।

সম্প্রতি

আরও খবর