একজন স্কুলপড়ুয়া শিক্ষার্থীর ব্যক্তিগত অভিজ্ঞতার বয়ানে একটি শহরের বহু শিশুর জীবনপ্রবাহ ও নানা সামাজিক অসংগতি তুলে ধরবে নাটক ‘পোস্টমর্টেম’। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ড্রামা ক্লাবের পঞ্চম প্রযোজনা এই নাটকটি। নাটকটি রচনা ও নির্দেশনায় আছেন ফাহিম মালেক ইভান। ইভান জানান, আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে প্রদর্শিত হবে নাটকটি। নাটকটির চিত্রনাট্যে, প্রতিযোগিতামুখী সমাজব্যবস্থায় মানুষের ক্রমবর্ধমান দ্বন্দ্ব, সাফল্যের নামে সন্তানকে পরীক্ষার যুদ্ধক্ষেত্রে ঠেলে দেওয়ার বাস্তবতা এবং অভিভাবক ও সন্তানের পারস্পরিক দায়িত্ববোধের প্রশ্ন তুলে ধরা হয়েছে। নির্দেশক ফাহিম মালেক ইভান বলেন, ‘বর্তমান বাস্তবতায় নানা প্রতিবন্ধকতায় যখন সংস্কৃতি অঙ্গন স্থবির, তখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের এই প্রযোজনা সমাজে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আমার বিশ্বাস।’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ড্রামা ক্লাবের সদস্যরা। এতে আলোক পরিকল্পনায় রয়েছেন ফারুক খান টিটু, পোশাক পরিকল্পনায় সাজিয়া আফরিন লুবনা। নাটকের আবহসংগীত পরিকল্পনা করেছেন নির্দেশক নিজেই। নাটকটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ডিএসডব্লিও।



