বলিউডে সাহসী ও ব্যতিক্রমী চরিত্র বাছাইয়ের জন্য পরিচিত অভিনেত্রী ভূমি পেডনেকর এবার প্রথমবারের মতো পুলিশ কমিশনারের ভূমিকায় হাজির হচ্ছেন। প্রাইম ভিডিওর আসন্ন মনস্তাত্ত্বিক ক্রাইম থ্রিলার সিরিজ ‘দলদল’ এ তিনি অভিনয় করেছেন মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার রীতা ফেরেইরা চরিত্রে, যা ইতোমধ্যেই দর্শকের আগ্রহ তৈরি করেছে। সম্প্রতি প্রকাশিত সিরিজটির ট্রেলারে দেখা যায়, একাধিক খুনের ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছেন রীতা ফেরেইরা, যার পেছনে রয়েছে এক ভয়ংকর সিরিয়াল কিলার। মামলার অগ্রগতির সঙ্গে সঙ্গে তদন্তের জটিলতা যেমন বাড়ে, তেমনই প্রকাশ পায় রীতার ব্যক্তিগত জীবনের চাপ, অতীতের ক্ষত এবং মানসিক টানাপোড়েন। ট্রেলারজুড়ে রহস্য, উত্তেজনা ও গা ছমছমে আবহ সিরিজটির থ্রিলার উপাদানকে আরও শক্তিশালী করেছে। সিরিজটি পরিচালনা করেছেন অমৃত রাজ গুপ্ত, প্রযোজনায় আছেন বিক্রম মালহোত্রা ও সুরেশ ত্রিবেণী। নিজের চরিত্র নিয়ে ভূমি বলেন, রীতা ফেরেইরা তার ক্যারিয়ারের অন্যতম তৃপ্তিদায়ক চরিত্রগুলোর একটি। এই চরিত্রে তিনি শক্তি ও ভঙ্গুরতার সূক্ষ্ম ভারসাম্য খুঁজে পেয়েছেন, যা তাকে অভিনয়ের নতুন দিক অন্বেষণের সুযোগ দিয়েছে। ভূমির পাশাপাশি সিরিজটিতে অভিনয় করেছেন সামারা তিজোরি, আদিত্য রাওয়ালসহ আরও অনেকে।
‘দলদল’ আগামী ৩০ জানুয়ারি প্রাইম ভিডিওতে ভারতসহ বিশ্বের ২৪০টি দেশে একযোগে মুক্তি পাবে।



