এই প্রজন্মের অভিনেতা তন্ময় সোহেল। গত বছরের তুলনায় এই বছরের শুরুতেই তিনি একের পর এক নতুন নাটক নিয়ে দর্শকের মধ্যে হাজির হচ্ছেন। এরই মধ্যে একে একে তার অভিনীত নতুন আটটি নাটক প্রকাশ পেলো। নাটকগুলো হচ্ছে সকাল আহমেদের ‘সহজ সরল জামাই’, মহিন খানের ‘অলস পরিবার’, বর্ণনাথের ‘তোতলা জামাই বয়রা পরিবার’, ‘ শ্বশুরবাড়ি বড় আপন’, আলমগীর খন্দকার দুলালের ‘বউ আমাদের লন্ডনী’, শাকিলা ইয়াসমিনের ‘বদনাম’, ফজলুল হকের অশিক্ষিত ছেলে’, আদিত্য জনির ‘শহরের মেয়ে গ্রামের বধূ’, উজানভাটি টিমের ‘অভাগী নারীর সংসার-২’ ও মামুন আর রশীদের ‘সংসারের মায়া’। নাটকগুলোতে তার সহশিল্পী হিসেবে আছেন মিম চৌধুরী, মিহি, মুনমুন, স্পর্শিয়া মিম’সহ আরও বেশ কয়েকজন। তন্ময় সোহেল বলেন, ‘নতুন বছরের শুরুটা আমার বেশ ভালোভাবেই হলো, নতুন বছরের শুরুটা যেমন শুটিং লোকেশনে বেশ ব্যস্ততার মধ্যদিয়ে শুরু হলো। তেমনই নতুন বছরের শুরু থেকে এখন পর্যন্ত একের পর এক নতুন নতুন নাটক প্রকাশিত হচ্ছে ইউটিউবে। প্রতিটি নাটকের জন্যই অনেক সাড়া পাচ্ছি। প্রতিদিনই প্রতি নাটকের ভিউ বেড়েই চলেছে। প্রত্যেকটি নাটক আমি অনেক শ্রম দিয়ে, কষ্ট করে অভিনয় করেছি। সবার সহযোগিতা থাকবে আগামীতেও এটাই আমার বিশ্বাস। আমার সব সহশিল্পীর জন্যও রইলো অনেক অনেক শুভ কামনা।’



