গ্রামীণ রাজনীতির বাস্তবতা, ক্ষমতার দ্বন্দ্ব ও ভালোবাসার জটিল সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত হয়েছে পলিটিক্যাল রোমান্টিক থ্রিলার নাটক ‘জনম জনমে’। গল্পটি আবর্তিত হয়েছে দুই উপজেলা চেয়ারম্যানের দলীয় রাজনীতি ও আসন্ন নির্বাচনে নমিনেশন পাওয়ার লড়াইকে ঘিরে। একজন বর্তমান চেয়ারম্যান, অন্যজন সাবেক। রাজনৈতিক প্রতিযোগিতার এই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তাদের সন্তানরাও। নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নীহা। ইয়াশ রোহান অভিনয় করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে পুলক চরিত্রে এবং নাজনীন নীহা বর্তমান উপজেলা চেয়ারম্যানের মেয়ে নিদ্রা চরিত্রে। রাজনৈতিক বিরোধের কারণে নিদ্রা ও পুলকের সম্পর্ক শুরু থেকেই তিক্ততায় ভরা। দুজনেই নিজ নিজ গোষ্ঠী নিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করতে চায়। রায়হান মাহামুদের রচনায় এবং সিএমভির ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। এতে বিভিন্ন
গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, মিলি বাশার, পলিনসহ অনেকে। নাটকটি প্রসঙ্গে নির্মাতা তৌফিকুল ইসলাম বলেন, ‘যেহেতু এটি একটি পলিটিক্যাল রোমান্টিক থ্রিলার, তাই গল্পের অনেক কিছুই দর্শকের জন্য চমক হিসেবে রাখতে চাই। তবে এটুকু বলতে পারি, নাটকটি দর্শকদের হতচকিত করবে। আমার শিল্পীরা দারুণ অভিনয় করেছেন, সিএমভির প্রতি কৃতজ্ঞতা।’ প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে। তিনি বলেন, ‘এই নাটকের গল্পের সঙ্গে জাতীয় নির্বাচনের সরাসরি কোনো সম্পর্ক নেই। এটি মূলত একটি গ্রামীণ প্রেমের গল্প, যেখানে রাজনৈতিক আবহ রয়েছে। আশা করছি দর্শকরা নাটকটি উপভোগ করবেন।’ রাজনীতি, প্রেম ও থ্রিলারের মিশেলে নির্মিত ‘জনম জনমে’ দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে আসবে বলে নির্মাতারা আশাবাদী।



