দীর্ঘ ২৭ বছর পর আবারও একসঙ্গে কাজ করলেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর ও গীতিকার-সুরকার মিল্টন খন্দকার। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘বৈঠকখানা’র জন্য তারা তৈরি করেছেন নতুন মৌলিক গান ‘জোড়া শালিক’। এর আগে ১৯৯০-এর দশকে মিল্টন খন্দকারের লেখা গানে সিনেমায় প্লেব্যাক করেছিলেন আঁখি আলমগীর। ‘আসামি বধূ’ সিনেমার ‘এত ছোট জনম নিয়া জগতে আসিয়া’ গানটির মাধ্যমে তখন তাদের প্রথম কাজ হয়, যার সুর করেছিলেন প্রয়াত সংগীত পরিচালক আলম খান। দীর্ঘ সময় পর আবারও একসঙ্গে কাজ করাটা দুজনের জন্যই বিশেষ অনুভূতির। এই নতুন গানটির কথা ও সুর দুটিই করেছেন মিল্টন খন্দকার। এটিই প্রথমবার, যখন তার লেখা ও সুরে মৌলিক গান কণ্ঠে তুললেন আঁখি আলমগীর। সম্প্রতি ‘বৈঠকখানা’ অনুষ্ঠানের শুটিং সেটে উপস্থিত ছিলেন দুজনেই। সেখানেই গানটির অংশ বিশেষ রেকর্ড করা হয়। গানটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে মিল্টন খন্দকার সামাজিক মাধ্যমে লেখেন, ‘এত দিন আঁখিকে দেখলেই বলতাম, তোমার সঙ্গে গানের কাজ করাটাই বাকি ছিল। আজ আর সেটা বলতে হচ্ছে না।
আঁখি আমার কথা ও সুরে গান গেয়েছে। যে মুহূর্তে সে ভয়েস দিল, আমার গানে প্রাণ ফিরে এলো।’ অন্যদিকে আঁখি আলমগীর বলেন, ‘মিল্টন খন্দকার ভাইয়ের লেখা ও সুরে বিটিভির ‘বৈঠকখানা’ অনুষ্ঠানে গান গাইতে পেরে ভীষণ ভালো লেগেছে। গানটি একেবারেই তরতাজা, গাইতে গিয়ে আমি দারুণ আনন্দ পেয়েছি।’ সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এই গান ‘জোড়া শালিক’ খুব শিগগিরই বাংলাদেশ টেলিভিশনের পর্দায় প্রচার করা হবে। দর্শক-শ্রোতাদের মধ্যে গানটি ভালো সাড়া ফেলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।



