ঈদ উপলক্ষে দর্শকদের জন্য নির্মিত হচ্ছে বিশেষ রোমান্টিক-কমেডি নাটক ‘হেট ইউ বউ’। এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ও অভিনেত্রী আদ্রিজা আফরিন সিনথিয়া। নতুন এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখার আগ্রহ ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে। নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অনামিকা মন্ডল। পরিচালনা করেছেন নাজমুল রনি এবং চিত্রগ্রহণে রয়েছেন শরীফ রানা। ঈদের বিশেষ বিনোদন হিসেবে নির্মিত এই নাটকে হাসি, ভালোবাসা ও সম্পর্কের টানাপড়েন হালকা ও উপভোগ্য ভঙ্গিতে তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাটকে আদ্রিজা আফরিন সিনথিয়াকে দেখা যাবে জাহের আলভীর গার্লফ্রেন্ডের চরিত্রে। কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘জাহের আলভীর সঙ্গে কাজ করে দারুণ লেগেছে। তিনি খুবই সহযোগিতাপূর্ণ ও প্রতিভাবান অভিনেতা। ঈদে দর্শক এই নাটক দেখে আনন্দ পাবেন বলেই বিশ্বাস করি।’ অভিনয় ও মডেলিং নিয়ে নিজের ভাবনার কথাও জানান সিনথিয়া। তিনি বলেন, ‘এই পেশাটিকে আমি খুব শ্রদ্ধার সঙ্গে দেখি। ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে দর্শকদের মন জয় করতে চাই। সবার দোয়া ও ভালোবাসা চাই।’ সব মিলিয়ে নতুন জুটি, হালকা গল্প ও ঈদের আনন্দে ভরপুর ‘হেট ইউ বউ’ নাটকটি দর্শকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন নাটকটির সঙ্গে সংশ্লিষ্টরা।



