Wednesday, March 4, 2026
হোমবিনোদনঅন্যান্যরিয়েলিটি শো’তে রাহাত ফতেহ আলী খানের সঙ্গে বিচারক হোমায়রা-রাজা

রিয়েলিটি শো’তে রাহাত ফতেহ আলী খানের সঙ্গে বিচারক হোমায়রা-রাজা

সম্পর্কিত সংবাদ

পাকিস্তানের জনপ্রিয় সংগীতভিত্তিক রিয়েলিটি শো ‘পাকিস্তানি আইডল’-এর বিশেষ ‘ভালোবাসা’ পর্বে অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদের সন্তান হোমায়রা বশির ও রাজা বশির। কয়েক মাস আগে শুরু হওয়া এই আয়োজনে বিচারকের দায়িত্ব পালনের জন্য তারা সম্প্রতি পাকিস্তানের করাচিতে যান। গত বুধবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত তাদের উপস্থিতিতে ‘ভালোবাসা’ শীর্ষক পর্বের শুটিং সম্পন্ন হয়। এ পর্বে বিচারক হিসেবে তাদের সঙ্গে ছিলেন পাকিস্তানের পপসম্রাট আলমগীর ও উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খানসহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রবেশের সময় রাহাত ফতেহ আলী খান তাদের উদ্দেশে ‘ওয়েলকাম টু বশির আহমেদ মিউজিক ইন্ডাস্ট্রি’ বলে বিশেষভাবে স্বাগত জানান, যা দুই ভাই-বোনকে আবেগাপ্লুত করে তোলে। পুরো আয়োজনজুড়ে কিংবদন্তি শিল্পী

বশির আহমেদের প্রতি যে সম্মান প্রদর্শন করা হয়েছে, তাতে তার সন্তান হিসেবে হোমায়রা ও রাজা বশির নিজেদের গর্বিত ও সম্মানিত বোধ করেন। হোমায়রা বশির বলেন, তারা কল্পনাও করেননি যে পাকিস্তানে গিয়ে এতটা সম্মান ও ভালোবাসা পাবেন। তিনি আরও জানান, পর্বটির নাম যেহেতু ‘ভালোবাসা’, তাই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ভালোবাসাকেই গান ও আবেগের মাধ্যমে তুলে ধরা হয়েছে। রাজা বশির বলেন, পুরো অভিজ্ঞতাটি তার কাছে স্বপ্নের মতো মনে হয়েছে। বাবার প্রতি যে সম্মান প্রদর্শন করা হয়েছে, তা অবিশ্বাস্য এবং হৃদয়স্পর্শী। অনুষ্ঠানের শেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তান সুরের বন্ধনে আরও কাছাকাছি আসবে। এই বিশেষ পর্বে বিচারকের পাশাপাশি হোমায়রা ও রাজা বশির দুজনই সংগীত পরিবেশন করেন। আগামী ১ ফেব্রুয়ারি দেশে ফিরবেন তারা। উল্লেখ্য, অনুষ্ঠানটি বর্তমানে ‘পাকিস্তানী আইডল’-এর ইউটিউব চ্যানেলে প্রচার হচ্ছে।

সম্প্রতি

আরও খবর