যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে কোরবারের নতুন সিইও ও রিজিয়ন প্রেসিডেন্ট হলেন বাংলাদেশী বংশোদ্ভুত অনন্ত ইসলাম। গত ১ জানুয়ারী থেকে এই পদে মেয়াদ শুরু হয়েছে তার।
কোরবারের প্রত্যাশা, অনন্তের নিয়োগ উত্তর আমেরিকায় তাদের ব্যবসারি প্রসার ঘটাতে ভূমিকা রাখবে।
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান কোরবারের সদর দফতর জার্মানির হামবুর্গে। ডিজিটাল, ফার্মা, সাপ্লাই চেইন এবং টেকনোলজিস- এই চার ব্যবসাক্ষেত্রে বিশ্বজুড়ে ১২ হাজার কর্মী রয়েছে প্রতিষ্ঠানটির।
কোরবারে যোগদানের আগে অনন্ত ইসলাম উত্তর আমেরিকায় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের নেতৃত্বস্থানীয় পদে ছিলেন।
টেলিডিন এনার্জি সিস্টেমে প্রকল্প প্রকৌশলী হিসাবে তার কর্মজীবন শুরু হয়। ২০০৬ সালে যোগ দেন জিইএ-তে। সেই প্রতিষ্ঠানের কলম্বিয়া ও মেরিল্যান্ড শাখায় প্রসেস ইঞ্জিনিয়ারিং শাখার বিক্রয় বিভাগে নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ টেক্সাসের ফ্রিসকোতে প্রতিষ্ঠানটির ফুড সলিউশন শাখার প্রেসিডেন্টও ছিলেন।
অনন্ত ইসলাম মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং মেরিল্যান্ডের লোয়োলা ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনের স্নাতকোত্তর ডিগ্রি করেছেন।
এক বার্তায় কোরবার পার্সেল লজিস্টিকস, ইউরোপ-এর সিইও টমাস অ্যামেন্ড বলেন, “আমরা আনন্দিত যে অনন্ত ইসলাম আমাদের প্রতিষ্ঠানে যোগ দিচ্ছেন। তার নেতৃত্বের বিপুল অভিজ্ঞতা ও বিস্তৃত বিক্রয় দক্ষতা উত্তর আমেরিকার বাজারে আমাদের ব্যবসার প্রসার ঘটাবে এবং অবস্থানকে শক্তিশালী করবে।”



