Thursday, March 5, 2026
হোমখবরঅর্থ-বাণিজ্যরাজধানীর যে ৩০ স্থানে কম দামে ডিম-মাছ-মাংস বিক্রি করবে সরকার

রাজধানীর যে ৩০ স্থানে কম দামে ডিম-মাছ-মাংস বিক্রি করবে সরকার

সম্পর্কিত সংবাদ

রমজান মাসে রাজধানীর ৩০টি স্থানে কম মূল্যে দুধ, ডিম, মাংস ও মাছ বিক্রি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রথম রমজান থেকে শুরু করে ২৮তম রমজান পর্যন্ত দুধ, ডিম, মাংস বিক্রি করা হবে। আর মাছ বিক্রি শুরু হবে আগামীকাল সোমবার থেকে, চলবে ১৫ রমজান পর্যন্ত।

আজ রোববার সকালে রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলনকক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুর রহমান।

এই কর্মসূচির আওতায় তরল দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতিটি ৯ দশমিক ১৭ টাকা (১ ডজন ১১০ টাকা), গরুর মাংস প্রতি কেজি ৬০০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯০০ টাকা এবং চামড়া ছাড়ানো ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৫০ টাকা দরে বিক্রি করা হবে।

মোট ৩০টি স্থানের মধ্যে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র ২৫টি এবং স্থায়ী বাজার ৫টি। ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রগুলো হলো নতুন বাজার (বাড্ডা), কড়াইল বস্তি (বনানী), খামারবাড়ি (ফার্মগেট), আজিমপুর মাতৃসদন (আজিমপুর), গাবতলী, দিয়াবাড়ী (উত্তরা), জাপান গার্ডেন সিটি (মোহাম্মদপুর), ষাটফুট রোড (মিরপুর), খিলগাঁও (রেলক্রসিংয়ের দক্ষিণে), সচিবালয়ের পাশে (আবদুল গনি রোড), সেগুনবাগিচা (কাঁচাবাজার), আরামবাগ (মতিঝিল), রামপুরা, কালশী (মিরপুর), যাত্রাবাড়ী (মানিকনগর গলির মুখে), নয়া বাজার (পুরান ঢাকা), বসিলা (মোহাম্মদপুর), হাজারীবাগ (শিকশন), লুকাস (নাখালপাড়া), কামরাঙ্গীর চর, মিরপুর ১০, কল্যাণপুর (ঝিলপাড়া), তেজগাঁও, পুরান ঢাকা (বঙ্গবাজার) ও কাকরাইল।

আর স্থায়ী বাজার হলো মিরপুর শাহ আলী বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, নতুন বাজার (১০০ ফুট), কমলাপুর ও কাজী আলাউদ্দিন রোড (আনন্দবাজার)।

আর মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছ বিক্রির কার্যক্রম চলবে। সেখানে রুই মাছ প্রতি কেজি ২৪০ টাকা, পাঙাশ প্রতি কেজি ১৩০ টাকা, তেলাপিয়া মাছ প্রতি কেজি ১৩০ টাকা ও পাবদা মাছ প্রতি কেজি ৩৩০ টাকায় বিক্রয় করা হবে। ১৫ রমজান পর্যন্ত প্রতিদিন ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত মাছ বিক্রির কার্যক্রম চলবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের চারটি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চারটি নির্ধারিত স্থানে মাছ বিক্রি করা হবে।

ঢাকা উত্তর সিটির আওতাধীন এলাকাগুলো হলো বঙ্গবন্ধু চত্বর (খামারবাড়ি, ফার্মগেট), মিরপুর-১ (ঈদগাহ মাঠ), সেগুনবাগিচা বাজার ও মেরুল বাড্ডা বাজার। ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন এলাকাগুলো হলো মুগদাপাড়া (মদিনাবাগ বাজার), যাত্রাবাড়ী (দয়াল ভরসা মার্কেট), মতিঝিল (বাংলাদেশ ব্যাংকের দক্ষিণ-পূর্ব কর্নার) ও পলাশী মোড়।

সম্প্রতি

আরও খবর