সিটি কর্পোরেশন ও ঢাবির সমন্বয়হীনতা, আবাসিক হল এলাকায় প্রতিদিন পোড়ানো হচ্ছে বর্জ্য, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা- এ শিরোনামে সংবাদে খবর প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নিলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এলাকায় প্রতিদিন প্রচুর পরিমাণে বর্জ্য পোড়ানো হয়। আগুনের ধোঁয়া থেকে শিক্ষার্থীদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হয়। যার বিরূপ প্রভাব পড়ে ক্যাম্পাসের পরিবেশের উপরও। এ নিয়ে গত ৬ মার্চ, বুধবার সংবাদে খবর প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসলে দ্রুত ব্যবস্থা নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামাল।
হলের প্রাধ্যক্ষদের নিয়ে জরুরি সভা ডাকেন তিনি। বর্জ্য আগুনে না পোড়ানোর জন্য কঠোর নির্দেশনা দেন। এছাড়া ঢাবি এলাকার ২১নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান আসাদের সাথেও কথা বলেন উপাচার্য। কাউন্সিলর দ্রুত বর্জ্য অপসারণের আশ্বাস দেন উপাচার্যকে।
এ বিষয়ে অধ্যাপক মাকসুদ কামাল বলেন, খবরটি আমার দৃষ্টিতে আসার পর হলের প্রাধ্যক্ষদের এবং সিটি করপোরেশনের কাউন্সিলরকে আমি আমার অফিসে ডেকেছি। প্রাধ্যক্ষদের নির্দেশনা দেওয়া হয়েছে বর্জ্যের মধ্যে যেন কোনোভাবেই আর আগুন দেওয়া না হয়। এবং বিষয়টি শক্ত পর্যবেক্ষণে রাখা হয়। সিটি কর্পোরেশনকেও দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণের তাগিদ দেওয়া হয়েছে।



