Thursday, March 5, 2026
হোমখবরক্যাম্পাস‘ভুল চিকিৎসায়’ জাবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

‘ভুল চিকিৎসায়’ জাবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

সম্পর্কিত সংবাদ

রাজধানীর ল্যাবএইড‌ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ডা. মাহতাব স্বপ্নীলের ‘ভুল চিকিৎসায়’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় তারা হাইকোর্টের নির্দেশ মেনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত চিকিৎসক ডা. মাহতাব স্বপ্নীল ও ল্যাবএইডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রাহিব রেজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর স্টার্টিক ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠানে প্রোডাক্ট ম্যানেজার ও আইটি কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, রাহিব রেজাকে গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় খালিপেটে ল্যাবএইড হাসপাতালে আসতে বলা হয়। যথাসময়ে তিনি হাসপাতালে এলেও এন্ডোস্কপি শুরু হয় রাত ১১টার দিকে। এর দেড় ঘণ্টা পরও রোগীকে বাইরে না আনা হলে একজন জোর করে এন্ডোস্কোপি রুমে ঢুকে তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। এরপর অবস্থা জটিল হলে রাহিব রেজাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সবশেষে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তাকে মৃত ঘোষণা করা হয়।

মানববন্ধনে জাবি ৪২ ব্যাচের শিক্ষার্থী এবং মৃত রাহিব রেজার স্ত্রী তাসমিয়া আফরোজ বলেন, ‘ল্যাবএইডে ভুল চিকিৎসায় আমার স্বামীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটির কাছে আমাদের দাবি থাকবে, তারা যেনো শুধুমাত্র ল্যাবএইডের বক্তব্যকে প্রাধান্য না দেয়। আমরা যারা পরিবারের মানুষ আছি, রাহিবের বন্ধুরা যারা ছিল, তাদের কাছ থেকেও যাতে তথ্য নেওয়া হয়। আমরা চাই সুষ্ঠুভাবে যেন এই তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। আমরা এই ঘটনায় ল্যাবএইড এবং ড. স্বপ্নীল দুইজনেরই লাইসেন্স বাতিল চাই।’

এসময় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো. সালাহউদ্দিন রাজিব বলেন, দুর্ভাগ্যজনক বিষয় যে দক্ষিণ এশিয়ার মধ্যে আমরাই একমাত্র দেশ যারা প্রাইভেট হাসপাতাল গুলোতে বেশি টাকা খরচ করি এবং পাবলিক হাসপাতাল গুলোতে চিকিৎসা পায় না বলে যায় না। কিন্তু প্রাইভেট হসপিটাল গুলোতে ইদানিং এরকম অরাজকতা বেড়েই চলছে, আমরা এর সুষ্ঠ বিচার চাই।

বিশ্ববিদ্যালয়ের ২৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী এসএম সাদাত হোসেন বলেন, ‘ল্যাবএইড এবং ড. স্বপ্নীলের অদক্ষতায় আমাদের ছোটভাই মারা গেছে। আমি মনে করি, এটা একটি হত্যাকাণ্ড। আমরা আশা করি, এই ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা সুষ্ঠভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে। আজকের এই মানববন্ধন থেকে আমরা সরকার ও ল্যাবএইডের কাছে রাহিবের পরিবারের পক্ষে ক্ষতিপূরণ দাবি করছি।’

এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে একজন আইনজীবীকে রাখতে বলা হয়েছে এবং তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সম্প্রতি

আরও খবর