শিক্ষক-সহপাঠীকে দায়ী করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটিকে সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
আজ শুক্রবার মধ্যরাতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কথা বলার সময় উপাচার্য এ নির্দেশ দেন।
উপাচার্য সাদেকা হালিম বলেন, আমি কথা দিচ্ছি তদন্ত কমিটি সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন। তাছাড়া এর আগে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে ঘটা ঘটনারও তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে। আর আমার হাতে যত আইন আছে সব আইনের সর্বোচ্চ ব্যবহার করবো।
তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম বিল্লাহ, সদস্য সচিব হিসেবে রয়েছেন আইন কর্মকর্তা রঞ্জন কুমার দাস। কমিটির বাকি সদস্যরা হলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন, সঙ্গীতের চেয়ারম্যান ঝুমুর আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উপাচার্যের আশ্বাসের পরও আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিচ্ছে।



