রাজধানীর পোস্তগোলা সেতুতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ফরহাদুল ইসলাম। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা ফরহাদুলের বন্ধু আহত হয়েছেন।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফরহাদুল যাত্রাবাড়ীতে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তাঁর বাবা আবদুস সাত্তার পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই)।
ওসি নজরুল বলেন, রাত দুইটার দিকে কেরানীগঞ্জ থেকে যাত্রাবাড়ীর দিকে আসছিলেন ফরহাদুল। তাঁকে বহনকারী মোটরসাইকেলটি যখন পোস্তগোলা সেতুর ওপর আসে, তখন অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন ফরহাদুলের বন্ধু সৌরভ।
ফরহাদুলকে ধাক্কা দেওয়া গাড়িটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি উল্লেখ করে ওসি বলেন, আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
ময়নাতদন্তের জন্য ফরহাদুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



