Thursday, March 5, 2026
হোমখবরনগর-মহানগরযাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় লাইনম্যান নিহত

যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় লাইনম্যান নিহত

সম্পর্কিত সংবাদ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে দুই বাসের চাপায় মো. ইমরান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ইমরান যাত্রাবাড়ী পরিবহনের লাইনম্যান হিসেবে কাজ করতেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ইমরান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

ইমরানকে ঢামেকে নিয়ে আসা মো. জসিম জানান, সকালে যাত্রাবাড়ী চৌরাস্তায় মিতালী পরিবহনের একটি বাসের চাকা গর্তে পড়ে। ওই বাসের পাশ দিয়ে যাচ্ছিলেন ইমরান। এ সময় অন্য একটি বাস এসে পড়লে দুই বাসের মাঝে চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।

নিহতের স্ত্রী সুমি আক্তার জানান, ইমরান কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পানার গ্রামের সালেক ভূঁইয়ার সন্তান। কর্মসূত্রে যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

এদিকে রাজধানীর উত্তরখান থানাধীন ময়নারটেক এলাকায় গাড়ির ধাক্কায় মো. আলী হোসেন (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন নিরাপত্তাকর্মী ছিলেন। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে জাকারিয়া হোসেন বলেন, আমার বাবা উত্তরায় একটি মার্কেটের সিকিউরিটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে উত্তরখানের ময়নাটেক এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। আমরা খবর পেয়ে বাবাকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জানান, তাদের গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ এলাকায়। তারা দুই ভাই দুই বোন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সম্প্রতি

আরও খবর