ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে আগামী দুই বছরের জন্য সভাপতি পদে যৌথভাবে বিজয়ী হয়েছেন সোহেল হায়দার চৌধুরী ও সাজ্জাদ আলম খান তপু; সাধারণ সম্পাদক হয়েছেন আক্তার হোসেন। গত সোমবার সকাল ৯টা থেকে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে রাতে ভোটের ফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে যৌথভাবে নির্বাচিত হওয়ায় লটারির মাধ্যমে প্রথম বছর সোহেল হায়দার এবং দ্বিতীয় বছর তপু দায়িত্ব পালন করবেন বলে দুই প্রার্থীর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। ঘোষিত ফলাফলে সোহেল হায়দার ও তপু পেয়েছেন ৮১২ ভোট। সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন ৬৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ জিহাদুর রহমান জিহাদ পেয়েছেন ৫৯২ ভোট।
নির্বাচনে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে নজরুল ইসলাম মিঠু ৭৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসলাম সানী পেয়েছেন ৫৮৬ ভোট। এ সংগঠনের সহ-সভাপতি পদে ইব্রাহিম খলিল খোকন ৫২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাঁধন কুমার সরকার পেয়েছেন ৪৮৪ ভোট। যুগ্ম সম্পাদক পদে মো. শাহজাহান মিঞা ৫১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান পেয়েছেন ৫১২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে গোলাম মুজতবা ধ্রুব ৯৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজু হামিদ পেয়েছেন ৪৮০ ভোট।
এছাড়া দপ্তর সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কোষাধ্যক্ষ পদে সোহেলী চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুহাম্মদ মামুন শেখ, আইনবিষয়ক সম্পাদক পদে আসাদুর রহমান, নারী বিষয়ক সম্পাদক পদে সুমি খান, কল্যাণ সম্পাদক পদে শাহজাহান স্বপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দুলাল খান বিজয়ী হয়েছেন।
নির্বাহী পরিষদে সদস্যপদে জিএম মাসুদ ঢালী, নাসরিন গীতি, এএম শাহজাহান মিয়া, আনোয়ার সাহাদাৎ সবুজ, সাজেদা হক, আহমেদ মুশফিকা নাজনীন , ফারজানা সুলতানা ও অনজন রহমান নির্বাচিত হয়েছেন।



