ঢাকার যাত্রাবাড়ীতে মধ্যরাতে এলোপাতাড়ি কুপিয়ে মো. ইকবাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন জাহিদ হাসান রাজু নামে এক ভাঙ্গারি দোকানের কর্মচারী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় ইকবালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, পরীক্ষা করার পর কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। তাকে কোপানোর সময় বাধা দিতে গিয়ে রাজু নামের একজন হামলাকারীদের আঘাতে আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ইকবাল পেশায় গাড়িচালক ছিলেন। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নারায়ণ পাশা গ্রামে। তিনি যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার একটি বাসায় পরিবারসহ ভাড়া থাকতেন।
ইকবালের স্ত্রী কুলসুম জানান, তার স্বামীর সঙ্গে এলাকার সন্ত্রাসী উজ্জ্বলের দীর্ঘদিনের বিরোধ ছিল। একসময় তারা একসঙ্গে চলাফেরা করতেন, পরে তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে।



