শরীয়তপুরের জাজিরায় রাসেল মাহমুদ মন্টু বেপারী নামে একজনকে কুপিয়ে হত্যাকাণ্ডের মামলায় ২ জনকে আটক করেছে জাজিরা থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সাভারের ভিরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার চরধুপুড়িয়া সাকিম আলী মাদবর কান্দি গ্রামের বাসিন্দা মৃত শামসুদ্দিন মাদবরের ছেলে রশিদ মাদবর(৫৬) ও একই এলাকার মৃত আমিন উদ্দিন মাদবরের ছেলে নুরুল হক মাদবর(৬৫)।
আটক রশিদ বেপারীর বিরুদ্ধে জাজিরা থানায় মন্টু বেপারী হত্যা মামলা ছাড়াও বিস্ফোরক দ্রব্য সহ বিভিন্ন আইনে আরো দুটি মামলা ও নুরুল হক মাদবরের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য সহ বিভিন্ন আইনে আরো ৪টি মামলা রয়েছে। তবে এরমধ্যে একটি মামলায় তিনি খালাস পেয়েছেন।
গত পহেলা মার্চ সন্ধ্যা ৭টার দিকে রাসেল মাহমুদ মন্টু বেপারী জাজিরা সদর এলাকা থেকে একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বাড়ী যাওয়ার পথে সেনেরচর ইউনিয়নের সাকিম আলী মুন্সি কান্দি গ্রামে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। পরে গত ৩ মার্চ নিহত মন্টু বেপারীর স্ত্রী লিমা মাহমুদ বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ্য করে ও ১৫-২০ জন অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। আটককৃত দুজন ঐ মামলার ১০ ও ২০ নম্বর আসামী।
নিহতের স্ত্রী ও মামলার বাদী লিমা মাহমুদ সংবাদকে বলেন, আমার স্বামী খুবই ন্যায়পরায়ণ লোক ছিলেন। তাকে ওরা এভাবে মেরে ফেলবে কখনো ভাবতে পারিনি। আমি ওদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি চাই। যাতে এমন দৃষ্টান্ত সৃষ্টি হয় যেন আর কেউ এমন নৃশংসতার শিকার না হয়।
এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: সুজন হক সংবাদকে বলেন, সেনেরচরের মন্টু বেপারী হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।



