ঢাকায় মাদ্রাসার চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে খিলগাঁও মডেল কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক রবিউল ইসলামকে বরখান্ত করা হয়েছে। ওই ছাত্রীর বাবার দায়ের করা মামলায় ওই শিক্ষককে ইতোমধ্যে গ্রেফতার করেছে স্থানীয় থানা পুলিশ।
খিলগাঁও মডেল কলেজের অধ্যক্ষ ইমাম জাফর সংবাদকে জানিয়েছেন, রবিউল ইসলাম মডেল কলেজে শিক্ষকতার পাশাপাশি নিজের মালিকানাধীন খিলগাঁওয়ের হুলি কোরআন আইডিয়াল ইনস্টিটিউট (মাদ্রাসা) পরিচালনা করতেন।
সেখানেই রবিউল গত ২২ ফেব্রুয়ারি চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে নির্যাতন করেছেন বলে মডেল কলেজ কর্তৃপক্ষ জানতে পায়। এরপর তার বিরুদ্ধে মামলা হয় এবং থানা পুলিশ তাকে গ্রেফতার করে জানিয়ে অধ্যক্ষ বলেন, ‘রবিউল গ্রেফতার হয়েছে সেটি আমি জানতে পারার সঙ্গে সঙ্গেই তাকে সাময়িক বহিস্কার করি।’
রবিউলের সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়েছে, ‘আপনি গত ২৫ ফেব্রুয়ারি থেকে বিনা অনুমতিতে অদ্যবদি কলেজে অনুপস্থিত। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আপনাকে গত ৪ মার্চ হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে বিধি মোতাবেক বেতন প্রাপ্য হবেন। অনতিবিলম্বে একটি তদন্ত কমিটি গঠন করে, তদন্ত কমিটির মতামত সাপেক্ষে আপনার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’



