ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাংশের একটি চেকপয়েন্ট থেকে তাদের ত্রাণবহর ফিরিয়ে দিয়েছে। চরম খাদ্য সংকট ও দুর্ভিক্ষের কাছাকাছি থাকা উত্তর গাজায় ত্রাণ সরবরাহ পুনরায় শুরু করার প্রচেষ্টা চরমভাবে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি)।
যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে ত্রাণ বিতরণে বাধা দিচ্ছে সেনাবাহিনী এ নিয়ে খবর প্রকাশ করেছে আল জাজিরা।
ডব্লিউএফপি বলেছে, খাদ্য ত্রাণবাহী ১৪টি ট্রাকের বহরটি দক্ষিণপূর্ব গাজার ওয়াদি গাজা চেকপয়েন্টে তিন ঘণ্টা ধরে অপেক্ষার পর ইসরায়েলি সেনাবাহিনী প্রবেশের অনুমতি না দিয়ে সেটি ফিরিয়ে দেয়।
আল জাজিরা জানিয়েছে, ডব্লিউএফপি ২০ ফেব্রুয়ারি থেকে উত্তর গাজায় ত্রাণ সরবরাহ স্থগিত রাখার পর মঙ্গলবার প্রথম সেখানে ত্রাণবহর পাঠানোর চেষ্টা করেছিল। উত্তর গাজায় গাজা সিটির কাছে ত্রাণবহরে লুটপাট ও ইসরায়েলি সেনাদের গুলিতে শতাধিক ফিলিস্তিনি নিহত হওয়ার পর সেখানে ত্রাণ সরবরাহ স্থগিত রেখেছিল জাতিসংঘের খাদ্য সংস্থাটি।
ডব্লিউএফপি তাদের বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বাহিনী ওয়াদি গাজা থেকে ত্রাণবহরটিকে উল্টো দিকে পাঠিয়ে দেওয়ার পর ফেরার পথে বেপরোয়া লোকজনের একটি বড় দল বহর থেকে ২০০ টন খাবার লুট করে নিয়ে যায়।
ডব্লিউএফপি জানায়, গাজার উত্তরাংশে খাদ্য পাঠানোর সব উপায় অনুসন্ধান করে দেখছে তারা, কিন্তু দুর্ভিক্ষ এড়ানোর জন্য প্রচুর খাবার দরকার আর তা শুধু সড়কপথেই নেওয়া সম্ভব।



