জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রীর গাড়িবহরের কাছে রুশ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। গতকাল বুধবার কৃষ্ণসাগরের তীরবর্তী ইউক্রেনের বন্দরনগরী ওদেসায় এই ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এই হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওদেসার যে স্থানে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে, সেখান থেকে মাত্র ৫০০ মিটার দূরেই একটি অবস্থানে বৈঠক করছিলেন গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রুশ বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত বন্দরনগরী ওদেসা পরিদর্শনে যান ভলোদিমির জেলেনস্কি। গ্রিক প্রধানমন্ত্রী মিৎসোতাকিসকে সঙ্গে নিয়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হামলায় নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে যৌথ সংবাদ সম্মেলনের সময় এ হামলার ঘটনা ঘটে। ক্ষেপণাস্ত্র হামলার পর হঠাৎ সাইরেন বেজে উঠলে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আজ হামলা হতে দেখেছি। আপনারা দেখেছেন, কারা এগুলো মোকাবিলা করছে। আমি বিস্তারিত এখনো জানি না। কিন্তু আমি এটা জানি যে, অনেকে আহত ও নিহত হয়েছেন। ‘আমাদের দ্রুততার সঙ্গে নিজেদের রক্ষা করতে হবে। আর নিজেদের রক্ষায় সবচেয়ে ভালো উপায় হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আমাদের মিত্রদের উচিত, আমাদের প্রতি আরও বেশি মনোযোগ দেওয়া।’
এই হামলার বিষয়ে গ্রিক প্রধানমন্ত্রী মিৎসোতাকিস সাংবাদিকদের বলেন, ‘আমরা যখন আমাদের গাড়িতে উঠছিলাম তখন একটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পাই। আমি মনে করি, আমাদের জন্য এটি একটি সেরা ও সবচেয়ে প্রাণবন্ত উদাহরণ যে, এখানে একটি সত্যিকারের যুদ্ধ চলছে।’
ওডেসা দানিউব নদীর মুখে অবস্থিত এবং ইউক্রেনের শস্য রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ইউক্রেনের নৌবাহিনীর প্রধান ঘাঁটিও এটি। রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে বারবার এটিকে বন্ধ করার চেষ্টা করেছে।



