সমুদ্র পথে গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ পাঠাতে গাজা উপকূলে একটি অস্থায়ী বন্দর নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি জাহাজ গাজায় অস্থায়ী বন্দর নির্মাণের জন্য রসদ নিয়ে গাজার উদ্দেশে রওনা হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সমুদ্র পথে গাজায় ত্রাণ সহায়তা পাঠাতে গাজা উপকূলে একটি ভাসমান বন্দর নির্মাণের কথা বলেন।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, শনিবার (৯ মার্চ) ভার্জিনিয়া রাজ্যের একটি সামরিক ঘাঁটি থেকে জেনারেল ফ্রাঙ্ক এস বেসন নামের জাহাজটি যাত্রা শুরু করেছে।
পেন্টাগন জানিয়েছে, ভাসমান ঘাঁট নির্মাণের তাদের সর্বোচ্চ ৬০দিন সময় লাগবে। এ কাজে এক হাজার সেনা অংশ নিচ্ছে। যদিও তাদের কেউই গাজা তীরে যাবে না।
বিবিসি জানায়, নিজেদের ত্রাণ বহরে গুলি এবং লুটপাটের ঘটনায় বিশ্ব খাদ্য প্রকল্প (ডব্লিউএফপি) গাজায় তাদের ত্রাণ বিতরণ সাময়িকভাবে বন্ধ রেখেছে। এদিকে, গত শুক্রবার আকাশ থেকে ফেলা ত্রাণের প্যাকেটের আঘাতে গাজায় পাঁচজন নিহত হয়েছে বলে জানা গেছে। ত্রাণের প্যাকেটে বাঁধা প্যারাস্যুট ঠিক মত না খোলায় দুর্ভাগ্যজনক এ ঘটনা ঘটেছে।
বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে বলা হচ্ছে, ঘাঁট নির্মাণে যে দুই মাস সময় লাগবে, গাজার যুদ্ধবিধ্বস্ত এবং অনাহার পীড়িত মানুষদের পক্ষে ততদিন অপেক্ষা করা অত্যন্ত কঠিন।



