গাজা উপত্যকায় ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন ত্রাণকর্মী নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের দুই সিনিয়র সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের দাতব্য প্রতিষ্ঠান ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) ওই কর্মীদের হত্যাকে একটি “গুরুতর দুর্ঘটনা” হিসেবে অভিহিত করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর তদন্ত এই উপসংহারে পৌছেছে যে ড্রোন অপারেটররা নিয়ম অনুসরণ করেনি। তারা ভেবেছিল ডব্লিউসিকের গাড়িগুলিতে হামাসের বন্দুকধারীরা রয়েছে।
তবে নিহত ত্রাণকর্মীদের পরিবার আইডিএফ এর এই ক্ষমা প্রার্থনাকে যথেষ্ট মনে করছেন না। তারা ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা স্বাধীনভাবে তদন্তের দাবি জানিয়েছে।
প্রসঙ্গত, ওই ঘটনার পর তীব্র আন্তর্জাতিক চাপের মুখে অভ্যন্তরীণ তদন্ত শুরু করে আইডিএফ। তার ভিত্তিতেই শুক্রবার “গুরুতর ব্যর্থতার” কথা স্বীকার করার পাশাপাশি তাদের একজন কর্নেল ও একজন মেজরকে বরখাস্ত করলো।
আইডিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার সামগ্রিক দায়দায়িত্বের জন্য তিনজন কমান্ডারকে আনুষ্ঠানিকভাবে ভর্ৎসনা করা হয়েছে।
আইডিএফ আরো বলেছে, হামলাটি সেনাবাহিনীর নিয়ম লঙ্ঘন করে করা হয়েছিল।
আইডিএফ এ-ও বলেছে, যারা হামলা চালিয়েছে তাদের ফৌজদারি বিচারের মুখোমুখিও করা হতে পারে।




