যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং ইস্ট কোস্টের শহরগুলি কাঁপিয়ে দিয়ে গেলো ভূমিকম্প। ভূমিকম্প এসব জায়গায় বিরল, তবু শনিবারের এ ভূমিকম্পে এখানকার স্থাপনাগুলো দুলে ওঠে। পরে রাস্তাগুলিতে দেখা যায়। ভূমিকম্পের পর এখন সেখানে ক্ষয়ক্ষতি নিরূপণ চলছে।
স্থানীয় সময় ১০টা ২৩ মিনিটে লেবানন ও নিউ জার্সি শহরের কাছে ৪ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে এবং তা পেনসিলভানিয়া থেকে কানেকটিকাট পর্যন্ত অনুভূত হয়।
স্থানীয়রা বিবিসিকে বলেন, সবকিছু ভয়ঙ্করভাবে দুলে ওঠে। জিনিসপত্র পড়ে ছড়িয়েছিটিয়ে যায়। এতে বাড়ির দেয়ালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এখন সংশ্লিষ্ট কর্মকর্তারা অবকাঠামোগুলোর নিরাপত্তা পরিস্থিতি যাচাই করে দেখছেন।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে আরেকটি ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপকারী সংস্থা এখন পর্যন্ত কমপক্ষে ছয়টি আফটারশকের কথা বলছে।
প্রাথমিক ভূমিকম্পের সময় নিউইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টি দুলতে দেখা গেছে।
জেন কক্সওয়েল নামে এক নারী বিবিসিকে জানান ভূমিকম্পের সময় তিনি লোয়ার ম্যানহাটনের একটি বিল্ডিংয়ে ছিলেন। তার কাছে ট্রেনের ঝাঁকুনির মতো মনে হয়েছে সেসময়।
তিনি বলেন, “নিউইয়র্কে বাস করে আমি পাতাল রেলের ঝাঁকুনিতে অভ্যস্ত। তো আমি সেটাই ভেবেছিলাম যে মনে হয় রেলেই আছি। তারপর যখন বুঝতে পারলাম আমি নবম তলায় তখন নিশ্চিতভাবে কিছুটা অস্থির হয়ে পড়েছিলাম। মনে হলো একটা ট্রেন চলে গেলো। “
ব্রঙ্কসের চারিতা ওয়ালকট বিবিসিকে জানান, প্রায় ৩০ সেকেন্ড বা তার বেশি স্থায়ী হয়েছিল ভূমিকম্প।
নিউইয়র্কের আরেক বাসিন্দা বলেন, হঠাৎ করেই অলস সকালটা কেমন হয়ে গেল। আমি আমার বিছানায় শুয়ে ছিলাম। আমার পুরো অ্যাপার্টমেন্ট বিল্ডিং কাঁপতে শুরু করলো। ভয় পেয়ে গেছি।
ভূমিকম্পের কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদর দফতরে গাজা সংক্রান্ত একটি বৈঠক সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর ক্যাথি হচুল বলেছেন এখনো বড় ক্ষতি বা আঘাতের কোনও রিপোর্ট নেই।
তিনি জানান, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা ভবন ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যজুড়ে ক্ষয়ক্ষতি নিরূপণের প্রক্রিয়া শুরু করেছেন।




